ডেস্ক রিপোর্ট
১৫ আগস্ট ২০২২, ১১:৫৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেট কারে ফ্লাইওভারের গার্ডার পড়ে ৫ জন নিহত হওয়ার ঘটনায় বাসদ (মার্কসবাদী)-র ক্ষোভ ও বিচার দাবি।
বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা আজ ১৫ আগস্ট বিকালে রাজধানীর উত্তরায় বাস র্যাপিড ট্রান্সিটের (বিআরটি) উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে চলন্ত প্রাইভেট কারে থাকা ৫ জন যাত্রী নিহত ও দু‘জন যাত্রী আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, নির্মাণ কাজে যুক্ত কর্তাব্যক্তিদের দায়িত্বে অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দিনের ব্যস্ততম সময়ে যানবাহন চলাচল বন্ধ না করে সম্পূর্ণ অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ ভাবে এ নির্মাণকাজ চলমান ছিল। গার্ডারের ওজনের চাইতে কম ক্ষমতাসম্পন্ন ক্রেন দিয়ে ভারী গার্ডার সরানোর হঠকারী সিদ্ধান্তে ক্রেনটিও প্রায় হেলে পড়ে। জনগণের নিরাপত্তার কথা তোয়াক্কা না করে এ ধরনের নির্মাণকাজে এর আগে চট্টগ্রাম, গাজীপুরসহ ঢাকার বিভিন্ন জায়গায় গার্ডার পড়ে মানুষ মারা গেলেও অপরাধীদের কোন বিচার হয়নি। বরং নির্দিষ্ট সময়েরও বেশি সময় ধরে এসব প্রকল্পের কাজ চলছে। পাশাপাশি বাড়ছে অর্থ ব্যয়। সরকারের চরম অবহেলার কারণে মৃত্যুর মিছিল বাড়ছে। বাড়ছে জনগণের সীমাহীন ভোগান্তি। এর বিরুদ্ধে গণতন্ত্রমনা সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মাসুদ রানা।
তিনি অবিলম্বে দায়িত্বহীন কর্মকর্তাদের শাস্তি এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা এবং আহত নব দম্পতির চিকিৎসা ব্যয় সরকারকে বহন করার দাবি জানান।