ডেস্ক রিপোর্ট
১০ আগস্ট ২০২২, ৯:২৪ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ ১০ আগস্ট বুধবার ঢাকাসহ দেশব্যাপি বিক্ষোভ মিছিল, মানব্বন্ধন,প্রতিবাদ সমাবেশ করেছে। দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে আজ বুধবার বিকাল পাঁচ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
এ সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ।
সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সহ সভাপতি সৈয়দ আনসার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী,শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, আব্দুল বাছির বাদল,মহানগর শাখার নাজমুল হক, ফারুক আহমদ ও মাহমুদুল হক চৌধুরী প্রমুখ।
সভাপতির ভাষণে জননেতা লোকমান আহমদ বলেন , জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অর্থনীতি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে। গণপরিবহণ ও পণ্যপরিবহণের ভাড়া বৃদ্ধি, কৃষিতে সেচ ব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের দাম আরও বৃদ্ধিসহ জনজীবনে বাড়তি চাপ তৈরি করেছে। মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে।
জননেতা লোকমান আহমদ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধর আত্মঘাতি সিদ্ধান্ত বাতিল করে আর্থিক খাতসহ অর্থনীতির অন্যান্য খাতে সমন্বয় করা এবং দুর্নীতি-লুটপাট-অপচয় বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বৈশ্বিক সংকটে অর্থনীতি সচল রাখতে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতে, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে রাখতে আগামী ছয় মাসের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জননেতা লোকমান আহমদ।