ডেস্ক রিপোর্ট

১০ আগস্ট ২০২২, ১:১৬ পূর্বাহ্ণ

ইবিতে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ পালন

আপডেট টাইম : আগস্ট ১০, ২০২২ ১:১৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ পালিত হয়েছে। ‘ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সমতল আদিবাসী ছাত্র সংগঠন ও জুম্ম ছাত্র কল্যাণ সমিতি যৌথভাবে দিবসটি উদযাপন করেছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এসময় কোকো সাইন মারমার সঞ্চালনায় জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সাধারণ সম্পাদক অংসিং মং মারমা, সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক জুলিয়ান হেমরম জয় প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া, সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সহ-সভাপতি স্বপন টপ্য, নীল মনি কিস্কু, চাইন্দাওয়াং মারমা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবস স্বীকৃতির ২৮ বছর পেরিয়ে গেলেও আমরা বাংলাদেশে এখন পর্যন্ত আদিবাসীর সাংবিধানিক স্বীকৃতি পাইনি। এখনও আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। আদিবাসীদের জমি অনৈতিকভাবে দখল করা হয়। আলোচনা সভায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার পাশাপাশি ভূমি দখল রোধে প্রতি জেলায় ভূমি কমিশন প্রতিষ্ঠা এবং শোষণ বঞ্চনা প্রতিরোধে সরকারি মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানান তারা।

শেয়ার করুন