ডেস্ক রিপোর্ট

৯ আগস্ট ২০২২, ১০:০৮ অপরাহ্ণ

প্রগতিশীল ছাত্র সংগঠনের সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র ফ্রন্ট

আপডেট টাইম : আগস্ট ৯, ২০২২ ১০:০৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান আজ ৯ আগস্ট’২০২২ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের মিছিল ও সমাবেশে হামলা এবং আক্রান্তদের নামেই মিথ্যা মামলা দায়ের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্ট’২২ রাতে সরকার অযৌক্তিকভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে। সেদিন থেকেই প্রগতিশীল সংগঠন গুলো মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে নানা মাত্রায়। প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ ৭ তারিখ বিকালে প্রতিবাদ সমাবেশ করে। এই সমাবেশে পুলিশ বর্বরোচিতভাবে হামলা চালায় এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভ, সহ-সভাপতি লাবনী বন্যা, ঢাকা নগরের স্কুল সম্পাদক ফেরদৌস বাঁধনসহ অন্তত ৩০ জন আহত হয়। গণমাধ্যম ও সমাজিক যোগাযোগ মাধ্যমে গোটা দেশবাসী পুলিশের এই তণ্ডব প্রত্যক্ষ করেছেন। এরপর পুলিশ ফেরদৌস বাঁধন সহ অনিক রয়, ডা. জয়দীপ ভট্টাচার্য ,মশিউর রহমান রিচার্ড, সাদেকুল ইসলাম সোহেলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের ২১ জনের নামেই মিথ্যা মামলা দায়ের করেছে।

নেতৃবৃন্দ বলেন, সরকার পুলিশকে আন্দোলন দমনের জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। বিরোধী মতকে দমনের জন্য পুলিশী হামলা ও পরে মামলার আশ্রয় নেয়। আওয়ামী সরকার দেশে একটি ফ্যাসিবাদী শাসন পরিচালনা করছে এবং চূড়ান্ত জনবিচ্ছিন্ন ও জনবিরোধী শক্তিতে পরিণত হয়েছে। ফলে পুলিশ, বিভিন্ন বাহিনী ও আমলাতন্ত্র দিয়ে দেশ চালাচ্ছে। তাই আজকে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি। সকল প্রগতিমনা মানুষ, ছাত্র—জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে এই দূঃশাসন প্রতিরোধ করতে হবে। এই আন্দোলনে সকলকে এগিয়ে আশার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে ছাত্র নেতাদের উপর হামলার বিচার করতে হবে এবং ছাত্র নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।

শেয়ার করুন