ডেস্ক রিপোর্ট
৭ আগস্ট ২০২২, ১২:১৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জিম্বাবুয়ের বিপক্ষে আজ (রবিবার) বাংলাদেশের সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ। কাগজে-কলমে জিম্বাবুয়ে খর্বশক্তির দল হলেও মাঠের ক্রিকেটে বাংলাদেশের চেয়ে সেরা ক্রিকেট খেলছে। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আফ্রিকার দেশটির চোখ এখন ওয়ানডে সিরিজে। ফলে দ্বিতীয় ওয়ানডে তামিম ইকবালদের জন্য বাঁচা-মরার। গুরুত্বপূর্ণ ম্যাচটি হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়, সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দুর্দান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে হারের আগে টানা ১৯ জয়ের রেকর্ড ছিল তাদের। তবে শুক্রবার তামিমদের দম্ভ গুঁড়িয়ে দিয়েছে রেগিস চাকাভার দল। গত ৯ বছরে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি সিরিজ জিতেছে বাংলাদেশ। সর্বশেষ হেরেছিল ২০১৩ সালে। প্রথম ওয়ানডে জিতে নেওয়ায় আফ্রিকার দেশটির সামনে সুযোগ ৯ বছরের হতাশা কাটানোর। যদিও কাজটি তাদের সহজ হওয়ার কথা নয়। কারণ হারের ধাক্কায় সমালোচনার স্বীকার বাংলাদেশ নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। তবে শঙ্কার জায়গা একটাই- আত্মবিশ্বাসহীনতার গ্যাড়াকলে আটকে থাকা দলটি কি পারবে নিজেদের সেরা ক্রিকেট খেলতে?
দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ অবশ্য ম্যাচ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘একজন ক্রিকেটার, ব্যাক্তি ও দলের সদস্য হিসেবে আমার ক্যারিয়ারে এমন অনেক পরিস্থিতিতে পড়েছি। (বাংলাদেশের বর্তমান অবস্থার মতো) কিন্তু সবকিছুই খেলার অংশ। মূল বিষয় হলো আমরা কতটা শক্তভাবে ফিরতে পারি। আমরা এ ব্যাপারে সামর্থ্যবান। আমার বিশ্বাস (রবিবার) ম্যাচে আমরা অবশ্যই শক্তভাবে ফিরবো।’
বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে এসেছে একের পর এক ইনজুরি। নুরুল হাসান সোহান ও লিটন কুমার দাসের পর মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়েছেন। মোস্তাফিজ যে আজকের ম্যাচে নেই, সেটি টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যে বলে দিয়েছেন। তাকে বিশ্রাম দিয়ে শেষ ম্যাচের জন্য রাখা হয়েছে। তবে মুশফিক ও শরিফুল খেলার মতো ফিট আছেন, বড় কোনও সমস্যা হয়নি। অন্যদিকে লিটন আর সোহানের জায়গায় হুট করেই এবাদত হোসেন ও নাঈম শেখকে জিম্বাবুয়েতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার সন্ধ্যায় তারা জিম্বাবুয়ের উদ্দেশে যাত্রা করেছেন।
লিটনের মতো ওপেনারকে হারিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারে বাংলাদেশ। তার জায়গায় নাজমুল হোসেন শান্তকে দেখার সম্ভাবনা প্রবল। এদিকে শরিফুল খেলার সার্টিফিকেট পেলেও তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা আছে। তার জায়গায় সুযোগ দেওয়া হতে পারে হাসান মাহমুদকে। এছাড়া মোস্তাফিজের বদলে বাঁহাতি একজন স্পিনারকে দেখা যেতে পারে। সেই জায়গায় তাইজুল ইসলামের চেয়ে এগিয়ে নাসুম আহমেদ।
কারও নাম স্পষ্ট করে না বললেও হেরাথ জানিয়েছেন, আজকের ম্যাচে বাঁহাতি স্পিনার থাকছেন, ‘একজন স্পিন কোচ হিসেবে একাদশে বাড়তি স্পিনার দেখতে চাই আমি। একই সঙ্গে আমাদের প্রতিপক্ষ নিয়েও ভাবতে হবে। আমি নিশ্চিত তাইজুল বা নাসুমের যেকোনও একজন কালকের (রবিবার) ম্যাচে খেলবে।’
আগের ম্যাচে পাওয়ার প্লের পাশাপাশি স্লগ ওভারে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে ক্যাচ মিসের মহড়া তো ছিল। আজ জিততে হলে এই জায়গাগুলোতে উন্নতি করতেই হবে লাল-সবুজ জার্সিধারীদের। না হলে, টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজও খোয়াতে হবে!