ডেস্ক রিপোর্ট
৭ আগস্ট ২০২২, ১২:০২ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে গণবিরোধী ও স্বৈরাচারি সরকারের একতরফা সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নের্তৃবৃন্দ।
মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ এক তাৎক্ষণিক সমাবেশে এ বক্তব্য রাখেন নেতারা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সভাপতি কমরেড শাহ আলম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের আব্দুল আলী। সমাবেশ সঞ্চালনা করেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ।
সমাবেশে নের্তবৃন্দ বলেন, বিশ্ববাজারে যখন তেলের দাম নিম্নমুখী সে সময়ে সরকারের এই সিদ্ধান্ত জনগণের উপর মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়াবে। শিল্প, কৃষি, পরিবহন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে। এতে জনজীবনে চরম দুর্দশা নেমে আসবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গত ছয় মাসে বিপিসি জ্বালানি তেল বিক্রি করে ৮ হাজার কোটি টাকা লোকসান করেছে। কিন্তু বিগত সময়ে বিশ্ববাজারে যখন তেলের দাম কম ছিল সে সময়ে তেল বিক্রি করে সরকার ৪৭ হাজার কোটি টাকা মুনাফা করেছিল। তা দিয়েই এই ঘাটতি পূরণ করা যেত। অথচ সরকোর সে পথে না হেটে জনগণের উপরে মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে দিল।
নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। আগামী ৮ আগস্ট সারা দেশে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করা হয়। এরপরেও সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে হরতাল-অবরোধের মত কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে নের্তবৃন্দ হুশিয়ার করে দেন।