ডেস্ক রিপোর্ট
২০ জুলাই ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক :: কুয়েতের উত্তরাঞ্চলীয় শহর জাহরায় মঙ্গলবার (১৯ জুলাই) ৫১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরে বিশ্বে সর্বোচ্চ। এদিন ইরানের সাফি আবাদ শহরেও ৫১ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
এছাড়া কুয়েতের সুলাইবিয়া অঞ্চলে ৫০ দশমিক ৩ ডিগ্রি ও আব্দালি অঞ্চলে ৫০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আর ইরাকের উষ্ণতম শহর বাসরাহতে ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
অতিরিক্ত তাপমাত্রায় কুয়েতে প্রতিবছর জুন, জুলাই, আগস্ট মাসে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা মাঠে কাজ করা সরকারিভাবে বন্ধ থাকে। এ তিনমাস স্কুল-কলেজও বন্ধ রাখা হয়।
মধ্যপ্রাচ্যের দেশগুলো বরাবরই উষ্ণ আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত। সেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা স্বাভাবিকভাবেই ৪০ ডিগ্রির ওপরে থাকে। তবে প্রতিবেশী দেশগুলোর তুলনায় গত কয়েক বছরে কুয়েতের তাপমাত্রা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। গত বছরের সর্বোচ্চ তাপমাত্রার এ রেকর্ডটি ছিল কুয়েতের।