ডেস্ক রিপোর্ট
১৬ জুলাই ২০২২, ১০:২৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জাসদ সিলেট জেলা শাখার সভাপতি লোকমান আহমদ বলেছেন, একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শ্রেণীহীন শোষণহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চু আমৃত্যু লড়াই করে গেছেন, কিন্তু বাংলাদেশে আজও সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদি গোষ্ঠী প্রতি নিয়ত অপতৎপরতায় লিপ্ত, অতি সম্প্রতি নড়াইলে সনাতন ধর্মাবলম্বীদের জান মালের উপর বর্বরোচিত হামলা হয়েছে, তাদের বাসাবাড়ি- মন্দির- দোকানপাটে হামলা-আগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাসদ প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ও সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট শ্রমিক নেতা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১২ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভায় সভাপতির বক্তব্যে জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ এই দাবি জানান।
লোকমান আহমদ দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে, লুটেরা সিন্ডিকেটের হাতে দেশের বাজার ব্যাবস্থা জিম্মি হয়ে আছে। এমতাবস্থায় সংখ্যালঘু সম্প্রদায় ও শিক্ষকদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, বাজার সিন্ডিকেট ধ্বংস করে দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ- সুশাসন কায়েম করার জন্য সরকারের প্রতি জোর দাবী।
তিনি সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
আজ শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭ টায় নগরীর বড়বাজারস্থ ৭০ ফয়জুর বাগে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই স্মরণ সভায় আয়োজন করা হয়।
স্মরণ সভার শুরুতে প্রয়াত জননেতা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ এর সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সহ সভাপতি নজমুল হক, টাঙ্গাইল জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ মজনু,যুক্তরাজ্য জাসদ নেতা আব্দুল হান্নান, সিলেট জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, নাজমুল হক, আরব আলী,মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক তোবারক হোসেন, দপ্তর সম্পাদক মাহমুদুল হক চৌধুরী,নীলমণি চন্দ্র, জাফর ইকবাল, আরিয়ান আহমদ আরমান প্রমুখ।