ডেস্ক রিপোর্ট
১৬ জুলাই ২০২২, ১১:১৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কাগজকলমে উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেটি বাংলাদেশ দলের জন্য কেবলই নিয়মরক্ষার, ম্যাচটি জিতলে বড়জোর প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার স্বাদ নিতে পারবে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় শুধুমাত্র দ্বিতীয় পথটি খুব বেশি মূল্য রাখে না। যেহেতু দুই দলের এই ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ নয়, সেহেতু পয়েন্ট নিয়েও চিন্তা নেই টাইগারদের। সে হিসেবে বেঞ্চের শক্তি পরীক্ষা করাই হতো তামিম ইকবালের দলের বড় সুযোগ।
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে অবশ্য সেই বার্তা দিয়েছিলেন খোদ অধিনায়ক। তবে আজ শনিবার শেষ ম্যাচের একাদশে দেখা গেল ভিন্ন চিত্র। উপেক্ষিত এনামুক হক বিজয়, তাসকিন আহমেদ। পরিবর্তন একটি। পেসার শরিফুল ইসলামের জায়গায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ফলে ১০ বছর পর এক পেসার নিয়ে ওয়ানডেতে নামে বাংলাদেশ। এ ম্যাচেও দুর্দান্ত বাংলাদেশ। ক্যারিবীয়দের বেঁধে ফেলেছে ১৭৮ রানে। এতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে প্রয়োজন ১৭৯ রান।
বাঁহাতি স্পিনার নাসুম থাকার পরেও তাইজুলকে দীর্ঘ ২৮ মাস পর ওয়ানডেতে ফেরায় টিম ম্যানেজমেন্ট। তবে সুযোগ পেয়েই লুফে নিয়েছেন এতদিন রঙিন পোশাকে আড়ালে থাকা তাইজুল। নিজে যে ওয়ানডেতে কতটা যোগ্য, তার ছাপ রাখলেন অনবদ্য বোলিংয়ে। নিজের ১০ ওভারের কোটায় মাত্র ২৮ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। এই সংস্করণে প্রথমবারের মতো ফাইফারের স্বাদ পেলেন তাইজুল।