ডেস্ক রিপোর্ট

১৯ জুন ২০২২, ১১:৪৪ অপরাহ্ণ

সিলেটের বন্যা নিয়ে কমিউনিস্ট পার্টির উদ্বেগ প্রকাশ

আপডেট টাইম : জুন ১৯, ২০২২ ১১:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: সিলেট ও সুনামগঞ্জের বিস্তির্ণ এলাকায় সাম্প্রতিক পৌনঃপুনিক বন‍্যায় মানুষের বাড়িঘর, সম্পত্তির ব‍্যাপক ক্ষতি সাধিত হওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিলেট জেলা কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করছে। ভারতের আসাম ও মেঘালয়ের বিভিন্ন স্থানে বাঁধ ইত্যাদি নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত ও নিয়ন্ত্রণ করা হয়েছে এবং হচ্ছে। মেঘালয়ে ব‍্যাপকভাবে পাহাড় কাটার ফলে পানি প্রবাহ তার স্বাভাবিক গতিতে নিচের দিকে নেমে আসছে না এবং অতিরিক্ত পানি ও অন‍্যান‍্য পানিবাহিত বর্জ‍্য নিয়ে আসছে। এদিকে সুরমা নদীর উৎস স্থল অমলসিদ নামক স্থানে চর জেগে উঠে বরাক নদের পানি সুরমায় প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছে। এখন শুষ্ক মৌসুমে লোভাছড়ার পানিই সুরমা নদী হয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সুরমা নদীর স্রোতের গতি অস্বাভাবিকভাবে হ্রাস পেয়েছে। এর সাথে স্থানীয় দুর্বৃত্ত কর্তৃক এমনকি কোন কোন স্থানে সরকারি প্রকল্পের নানা অপরিণামদর্শী কার্যক্রম নদীর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সুরমার সহিত সংযুক্ত নানা উপনদী ও শাখা-প্রশাখা ইতোমধ্যে মরা নদীতে পরিণত হয়েছে। নদীতে প্রকাশ‍্যে নানারূপ ক্ষতিকর বর্জ‍্য বিশেষ করে প্লাস্টিক জাতীয় পদার্থ ফেলা হচ্ছে। সরকার বা দায়িত্বপ্রাপ্ত বিভাগ এসব আমলে নিচ্ছে না। সার্বিকভাবে শাসকশ্রেণির অনুসৃত জনতুষ্টি নীতি বা প্রসাধনী উন্নয়নের মাধ্যমে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট ইত্যাদি নির্মাণসহ নানাবিধ কার্যক্রম প্রকৃত জনস্বার্থের সাথে প্রতারণা ছাড়া কিছুই না।

এছাড়া নদী, জীবন ও প্রকৃতির পক্ষে ক্ষতিকর কাজে লিপ্ত প্রভাবশালী মহলকে আশ্রয় প্রশ্রয় প্রদান তথা সুশাসন প্রতিষ্ঠার দৃশ্যমান অনাগ্রহ আজকের পরিস্থিতি সৃষ্টি করেছে। অবিলম্বে জাতীয়ভাবে গ্রহণযোগ্য বিশেষজ্ঞদের সমন্বিত অভিমতের ভিত্তিতে এ পরিস্থিতি থেকে উত্তরণের নির্দিষ্ট স্বল্পকালীন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে কার্যকরি উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। শাসকশ্রেণির অনুসৃত নীতি ও আরোপিত উন্নয়ন দর্শনের ফলশ্রুতিতে সংগঠিত এ দূর্বিপাককে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করে রাষ্ট্র ও সরকারের দায় এড়িয়ে যাবার কোন সুযোগ নেই। আমরা ক্ষতিগ্রস্ত প্রত‍্যেক নাগরিকের ক্ষয়ক্ষতির সঠিক হিসেব করে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান সহ ত্রাণ তৎপরতা জোরদার করার জন‍্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। একই সাথে দূর্গত বিপন্ন মানুষের সাহায‍্যার্থে ত্রাণ তৎপরতায় এগিয়ে আসার জন্য পার্টির সর্বস্তরের নেতা কর্মী শুভানুধ‍্যায়ী তথা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন