ডেস্ক রিপোর্ট
১৭ জুন ২০২২, ১১:২০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সিলেট-সুনামগঞ্জকে বন্যা দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করে পানিবন্দী মানুষকে দ্রুত উদ্ধার করে বন্যা দুর্গত মানুষকে আশ্রয়, ত্রাণ ও খাদ্য সামগ্রী দেয়ার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।
শুক্রবার (১৭ জুন ২০২২) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
বিবৃতিতে বলেন, অতিরিক্ত বৃষ্টি এবং ভারত থেকে আসা উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জে ২য় দফায় বন্যা পরিস্হিতি ভয়াবহ রুপ নিয়েছে। এছাড়াও ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা কুড়িগ্রামসহ উত্তরের বেশ কিছু জেলার বন্যা পরিস্থিতির জন্য হুমকি হয়ে আছে। সিলেট ও সুনামগঞ্জের পরিস্থিতি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। দুইটি শহরই পানির নীচে চলে গেছে। এক চরম অমানবিক অবস্থায় সেখানকার মানুষ আছে। অবিলম্বে এই দুই জেলাকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করার দাবি জানান তিনি।
জেলার সকল দ্বিতল শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করে পানি বন্দী মানুষকে উদ্ধার করার আহ্বান জানান এবং অবিলম্বে এই বন্যা পীড়িত মানুষের জন্য সুপেয় পানি, খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌছানোর দাবি করেন। একই সাথে সারা দেশের মানুষকেও এই বন্যা দুর্গত মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানান তিনি।