ডেস্ক রিপোর্ট

৮ জুন ২০২২, ৩:৫৫ অপরাহ্ণ

জোনায়েদ সাকির ওপর হামলায় প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের নিন্দা

আপডেট টাইম : জুন ৮, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্কঃঃ চট্টগ্রামে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ নেতৃবৃন্দের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ।

বুধবার (০৮ জুন) এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ জয়দ্বীপ ভট্টাচার্য, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈনুদ্দিন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি তাওফিকা প্রিয়া, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা এই নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, সীতাকুণ্ডের ঘটনায় আহতদের খোঁজ-খবর নিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তাঁর উপর ছাত্রলীগ হামলা চালায়। দেশের সমস্ত জায়গায় ছাত্রলীগ ও সরকারদলীয় অন্যান্য সংগঠন ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যেখানেই মানুষ অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে, সেখানেই আন্দোলন দমনে নির্মম আক্রমণ চালানো হচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, সীতাকুণ্ডে অগ্নিকান্ডের ঘটনা আরো একবার প্রমাণ করে গণমানুষের জীবনের দাম বর্তমান সরকারের কাছে আর এক বিন্দুও অবশিষ্ট নেই। বারবার বিভিন্ন কারখানায় শ্রমিকদের পোড়া লাশ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষ কতটা অনিরাপদ জীবন যাপন করছেন। দেশজুড়ে সরকারদলীয় নেতা-কর্মীদের গুম, খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি একটি অকল্পনীয় মাত্রায় পৌঁছেছে। ছাত্র-শ্রমিক-জনতার একটি সম্মিলিত জনগণের আন্দোলন ব্যতিত এর থেকে মুক্তির পথ নেই। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।

শেয়ার করুন