ডেস্ক রিপোর্ট
৫ জুন ২০২২, ৮:৫৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: সীতাকুন্ডে স্মার্ট গ্রুপের মালিকাধীন বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে নিহত ও আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিহত ও আহতদের ক্ষতিপূরণ এবং পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাসদ (মার্কসবাদী)।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা আজ ০৫ জুন সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে শোক ও সমবেদনা জানান।
তিনি বিবৃতিতে বলেন, “বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের পরিবারের আহাজারি ও আহতদের আর্তনাদে এক বেদনাদায়ক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। এ মর্মান্তিক ঘটনার পেছনে বিএম কন্টেইনার ডিপোর মালিক ও সংশ্লিষ্ট সরকারী তদারকি সংস্থার অবহেলা গণমাধ্যমে প্রকাশিত তথ্যে স্পষ্ট উঠে এসেছে। বিএম কন্টেইনার ডিপোর মালিকপক্ষ ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইডসহ রাসায়নিক দাহ্য পদার্থ রাখার বিষয়ে বিস্ফোরক অধিদপ্তরের কোনো অনুমতি নেয়নি। এধরণের রাসায়নিক দাহ্য পদার্থের কন্টেইনার রাখার জন্য আলাদা বিশেষ অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, যার ন্যূনতম বিএম কন্টেইনার ডিপোতে ছিলনা। এমনকি আগুন লাগার পর ডিপো কর্তৃপক্ষ ফায়ার ব্রিগেডকেও দেরিতে খবর দেয় এবং রাসায়নিক দাহ্য পদার্থের উপস্থিতির তথ্য গোপন করে। যে কারণে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে অনেকের মৃত্যু ঘটেছে। এছাড়া একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এরকম রাসায়নিক পদার্থের কন্টেইনার ডিপো স্থাপনের অনুমতি দেওয়ার পেছনে সরকারের সংশ্লিষ্ট সংস্থার দায়ও যুক্ত আছে। এ থেকে স্পষ্ট, এটি নিছক কোন দুর্ঘটনা নয়, এর পেছনে বিএম ডিপো মালিক ও কর্তৃপক্ষের মারাত্মক অবহেলাই দায়ী। এজন্য অবহেলাজনিত মৃত্যুর দায়ে অবিলম্বে দায়ী মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি অগ্নিকান্ডে নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও আহতদের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার বহন ও পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানান।
কমরেড মাসুদ রানা এ মর্মান্তিক অগ্নিকান্ডে আহতদের সহযোগিতায় যেভাবে সাধারণ মানুষ রক্ত, খাদ্য ও স্বেচ্ছাশ্রম দিয়ে যে মহৎ মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং সবাইকে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান।