ডেস্ক রিপোর্ট
৩০ মে ২০২২, ৮:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজনীতিতে দুর্বৃত্তায়নের ধারা রুখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে গণ-আন্দোলন ও গণসংগ্রাম গড়ে তুলতে হবে। শাসকেরা নানা নামে দেশ শাসন করলেও, মুক্তবাজারের নামে লুটপাট অব্যাহত রাখছেন। মুক্তিযুদ্ধের ধারার সমাজতন্ত্রমুখী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে।
রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এক স্মরণসভায় এসব কথা বলেন বাম নেতারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে এ স্মরণসভা আয়োজন করে দলটি।
স্মরণসভায় সভাপতিত্ব করেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম। শুরুতে আবু জাফর আহমদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নেতারা বলেন, আবু জাফর আহমদ আমৃত্যু অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল ছিলেন।
সভায় নেতারা বলেন, একজন সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবে পরিচিত আবু জাফর আহমদ আদর্শ ও নীতির প্রশ্নে দৃঢ় ছিলেন। দেশের সংকট মোচনে দ্বিদলীয় ধারার বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান মাহবুব আলম ও কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন।