ডেস্ক রিপোর্ট

১৫ মে ২০২২, ১২:০৬ পূর্বাহ্ণ

জনতার ঐক্য গড়ে তুলতে সচেষ্ট থাকবে গণফোরাম: মন্টু

আপডেট টাইম : মে ১৫, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আগামী নির্বাচনকে কেন্দ্র করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলের পাশাপাশি জনতার ঐক্য গড়ে তুলতে সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন গণফোরাম একাংশের কেন্দ্রীয় কমিটি সভাপতি মোস্তফা মোহসীন মন্টু।

তিনি বলেন, ‘সারাজীবন দেখেছি নির্বাচন যখন ঘনিয়ে আসে কেউ-কেউ রাজনৈতিক জোট বা মোর্চার জন্য হুলস্থুল শুরু করে। নির্বাচন সামনে রেখে জোট হবে, কিন্তু বর্তমান দখলদার সরকারের অধীনে কোনো নির্বাচন হলে সেখানে সুষ্ঠু নির্বাচনের সুযোগ নেই।’

শনিবার (১৪ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘হৃদয়ে ৭১ ভালবাসি বাংলাদেশ’ শীর্ষক দলের কেন্দ্রীয় পরিষদের সভায় এ কথা বলেন মন্টু।

মন্টু বলেন, গণফোরামের মূল লক্ষ্য-উদ্দেশ্য আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষভাবে করার জন্য অবশ্যই নির্বাচনকালীন সরকার; সেটি জাতীয় বা তত্ত্বাবধায়ক কিংবা তদারকি সরকার যে নামেই হোক গঠন করতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না। এই সেন্টিমেন্টের সঙ্গে দেশের জনগণ ঐক্যবদ্ধ।

এই অংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, আমরা অভিজ্ঞতার আলোকে মনে করি, দলীয় সরকারের অধীনে বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সেই লক্ষ্যেই জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে বর্তমান ক্ষমতাসীন সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে রাজপথের আন্দোলনে শরিক থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।

যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিমের সঞ্চালনা সভায় আরও বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহসীন রশিদ, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট আনসার খান, অ্যাডভোকেট ফজলুল হক সরকার, আব্দুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান প্রমুখ।

শেয়ার করুন