ডেস্ক রিপোর্ট
৬ মে ২০২২, ১১:৩১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মূল্যবৃদ্ধির জন্যই বাজারে তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করা হয়েছে অভিযোগ করে বলেছেন, সরকার তেলের ব্যবসায়ীদের কাছে আত্মসমর্পণ করেছে।
আজ শুক্রবার, ০৬ মে এক বিবৃতিতে বোতলজাত ভোজ্যতেলের দাম লিটারে ৩৮ টাকা বৃদ্ধির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন এটা ভোক্তাদের উপর নতুন গজব চাপিয়ে দেওয়ার সামিল। সয়াবিন তেল ও পাম অয়েলের এই অকল্পনীয় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মিলমালিকদের কাছে সরকারের আত্মসমর্পণ ছাড়া আর কিছু নয়।
তিনি বলেন, এটা এখন স্পষ্ট যে ভোজ্যতেলের এই মূল্যবৃদ্ধির জন্যই মিলমালিকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী সিন্ডিকেটসমূহ সরবরাহ থাকা সত্বেও বাজার থেকে তেল উধাও করে দিয়েছে। যথেচ্ছ মুনাফার জন্যই ঈদের আগে থেকে বাজারে তেলের সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের যেটুকু মূল্য বেড়েছে বাংলাদেশে বৃদ্ধি করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি। তিনি বলেন আন্তর্জাতিক বাজারের কথা বলে এই স্বেচ্ছাচারীতা জায়েজ করা যাবেনা।
মন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা তিনি বলেন, সরকারের যদি কিছু করার না থাকে তাহলে তারা ক্ষমতায় আছেন কেন!
বিবৃতিতে তিনি মূল্য বৃদ্ধি এসব গণবিরোধী তৎপরতা থেকে সরে এসে ভোজ্যতেলসহ অতি আবশ্যক খাদ্যপণ্যের আমদানির ব্যাপারে সরকারি উদ্যোগ জোরদার করার আহবান জানান। একই সাথে তিনি গণদূর্ভোগ কমাতে জরুরী খাদ্যপণ্যে ভর্তুকী প্রদানের জন্য সরকারের প্রতি আহবা জানান।