ডেস্ক রিপোর্ট

৫ মে ২০২২, ১০:১০ অপরাহ্ণ

বেতন-বোনাস বঞ্চিত বেকা গার্মেন্টস শ্রমিকরা ঈদের দিনে অনশন করে

আপডেট টাইম : মে ৫, ২০২২ ১০:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: আদমজী ইপিজেড এ অবস্থিত বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিমিটেড এর শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতন ও ঈদ বেনাস না পেয়ে ৩ মে ঈদের দিনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সামনে অনশন কর্মসূচি পালন করে। অনশন চলাকালে বক্তব্যে শ্রমিকরা পারিবার পরিজন নিয়ে ঈদ করতে না পেরে কান্নায় ভেঙ্গে পরে।

অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা রাজেকুজ্জামান রতন, বাসদ কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক কমরেড নিখিল দাস, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক আহসান হাবীব বুলবুল, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন এর সভাপতি এডভোকেট মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাফিজুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাইম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহসভাপতি ধীমান সাহা জুয়েল, কবি রঘু অভিজিত রায়, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এর নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ ও কারখানা শ্রমিক আউয়াল, নুর জাহান, মুজাহিদ, তানিয়া, ফরিদ, মিরাজ।

রাজেকুজ্জামান রতন বলেন, বেকা গার্মেন্টস এর ৭০০ শ্রমিক ৩ মাস যাবৎ বেতন পায়নি এবং ঈদ বোনাসও পায়নি। ২২ এপ্রিল অবৈধভাবে মালিক কারখানা বন্ধ করে দিয়েছে। মালিক কর্তৃপক্ষ ও বেপজা এপ্রিল মাসে কয়েক দফা বেতন দেয়ার তারিখ দিলেও শ্রমিকরা কারখানায় গেলে তাদেরকে বেতন দেয়া হয়নি। ফলে শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করলে পুলিশ লাঠিপেটা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশ ন্যায়সঙ্গত আন্দোলনে লাঠিপেটা করে কিন্তু তিনমাসের বেতন বোনাস আটকে রাখা ও বেআইনিভাবে কারখানা বন্ধ করা বেকা মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে নাই। কারখানা বন্ধ হলে শ্রমিকরা বেপজা, জেলা প্রশাসক, শিল্প পুলিশসহ সংশ্লিষ্ট সকল জায়গায় লিখিত অভিযোগ দিলেও কেউ সমস্যা সমাধান করেনি। বিজিএমইএ ও বিকেএমইএ ও সমস্য সমাধানে এগিয়ে আসেনি। তিনি আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তাসহ দেশবাসী আজ ঈদের আনন্দ করছে। অন্যদিকে বেতন বোনাস না দেয়ায় বেকা গার্মেন্টস এর শ্রমিকরা তাদের সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারেনি, পোশাক কিনে দিতে পারেনি। তাই আজ তারা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনশনে বসে কান্না করছে আহাজারি করছে। সরকার দেশে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়, ব্যাপক দুর্নীতি-লুটপাট হয়, কিন্তু বেকা গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস এর মাত্র ৫ কোটি টাকা ঈদের আগে পরিশোধের ব্যবস্থা করে দেয়নি।

তিনি বলেন, এই ৭০০ শ্রমিক এর বঞ্চনা আমাদের গোটা দেশবাসীর জন্য লজ্জার। শ্রমিকদের ঈদের দিনে অনশন পালন মালিক বা সরকারের বিবেকে দংশন করেনি। এই অনশন শ্রমিকের আন্দোলনের একটা অংশ। ঈদের পরে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের এ আন্দোলন আরও জোরদার করতে হবে। আমরা স্কপসহ বিভিন্ন শ্রমিক ফেডারেশনগুলি বেকা গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পাশে থাকবো।

নেতৃবৃন্দ আগামী ১০ মে বেকা গার্মেন্টস শ্রমিকদের বেপজা চেয়ারম্যান এর কার্যালয় অভিমুখি মিছিলের কর্মসুচি ঘোষণা করেন। শ্রমিক ফ্রন্ট সভাপতি রাজেকুজ্জামান রতনসহ নেতৃবৃন্দ শ্রমিকদের ৩টায় শেমাই খাওয়ানোর মধ্যদিয়ে অনশন কর্মসূচি শেষ হয়।

শেয়ার করুন