ডেস্ক রিপোর্ট
১৪ এপ্রিল ২০২২, ৮:০৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণের আয়োজন করেছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় মঙ্গল শুভাযাত্রার মাধ্যমে বর্ষবরণের আয়োজন শুরু করে সংগঠনটি। সিলেট নগরীর চৌহাট্টাস্থ ভোলানন্দ নৈশ বিদ্যালয় থেকে শুভাযাত্রা শুরু হয়ে নগরীরর গুরুত্বপূর্ণ পয়েন্ট পদক্ষিণ করে।
সকাল সাড়ে ১০ টায় আলোচনা সভা এবং পরবর্তীতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার সংগঠক নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে এবং সদস্য মাসুদ রানার পরিচালনায় আলোচনা সভায় আলোচনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নৃ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক প্রনব কান্তি দেব, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেটর সমন্বয়কারী প্রণব জ্যোতি পাল।
আলোচনা সভায় ড. আবুল কাশেম বলেন, দীর্ঘ দুই বছরের করোনাকালে অন্য সবকিছুর মতোই স্থবির ছিল সাংস্কৃতিক আন্দোলনসহ শিশু-কিশোরদের শিক্ষা ও সব ধরনের সুকুমারবৃত্তি বিকাশের কার্যক্রম।
তিনি বলেন, এরই মাঝে সাম্প্রতিককালে সাম্প্রদায়িক-মৌলবাদী অপশক্তির নানা অপতৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। এবারের পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে বাঙালি জাতি বিশেষ করে নতুন প্রজন্ম অনলাইন ছেড়ে প্রত্যক্ষভাবে আবারো মেতে উঠেছে বাঙালির আবহমান সংস্কৃতির বর্ণিল উৎসবে।
অন্য আলোচকরা বর্তমান সময়ে অস্থির বাস্তবতার জন্য অপসংস্কৃতি ও ভোগবাদী মানসিকতাকে দায়ি করে বলেন, আমাদের আবহমান সংস্কৃতি চর্চা করতে না পারলে সমাজে ধর্ম ও জাতে যে বিভেদ তা আরও প্রখর হবে। মানুষ আরও অসহিষ্ণু ও সাম্প্রদায়িক মানসিকতার হয়ে উঠবে। তাই আমাদের সংস্কৃতি চর্চা ও অধিকার আদায়ের লড়াই চালিয়ে যেতে হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার সদস্যরা একক ও দলীয় সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশনায় আবহমান বাঙলা সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মানুষের মুক্তির কথা উদ্ভাসিত হয়ে ওঠে।