ডেস্ক রিপোর্ট

৯ এপ্রিল ২০২২, ১২:১৮ পূর্বাহ্ণ

‘মাইনরিটি পিপলস পার্টির’ নামে দেশে নতুন দলের আত্মপ্রকাশ

আপডেট টাইম : এপ্রিল ৯, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ১৯৭২ সালের সংবিধান পুনর্বহাল ও মাইনরিটি অধ্যুষিত এলাকায় একটি করে সংসদ সদস্য পদ সংরক্ষিত করাসহ বিভিন্ন দাবি নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি পিপলস পার্টি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বর্ণাঢ্য আয়োজনে দলটির যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।

এ সময় বলা হয়, অসাম্প্রদায়িক চেতনা লালনকারী মানুষের মৌলিক ও রাজনৈতিক দাবি বাস্তবায়নে রাজনীতির মূলধারার সপক্ষে জনমত সুসংগঠিত করা এবং বঞ্চিত-শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংকল্প নিয়ে কাজ করবে দলটি।

উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক এমপি ঊষাতন তালুকদার। অনুষ্ঠানে দলটির ১৫১ সদস্যের মধ্যে ২১ জনের নাম ঘোষণা করা হয়। দলের সভাপতি হিসেবে রয়েছেন শ্যামল কুমার রায় ও সাধারণ সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী। দলটির মূল স্লোগান ‘জয় বাংলা, জয় জনতা’। আগামী সংসদ নির্বাচনে দলটি অংশ নেবে বলেও জানানো হয়।

নতুন দলটির ইশতেহারে কিছু লক্ষ্য তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- জাতীয় সংসদে মাইনরিটি জনগোষ্ঠীর যথাযথ অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে যুক্ত নির্বাচন ব্যবস্থায় সর্বজনীন ভোটের মাধ্যমে দেশের মাইনরিটি অধ্যুষিত এলাকায় একটি করে সংসদ সদস্য পদ সংরক্ষণ, স্থানীয় সরকার প্রশাসনের সর্বনিম্ন স্তরসহ সব পর্যায়ে জনপ্রতিনিধিত্বশীল কাঠামোতে ২০ শতাংশ মাইনরিটি আসন সংরক্ষণ, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় গঠন করে সেখানে মাইনরিটিদের একজনকে পূর্ণমন্ত্রী ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টগুলোকে ফাউন্ডেশনে রূপান্তরিত করা।

শেয়ার করুন