ডেস্ক রিপোর্ট
৬ এপ্রিল ২০২২, ১১:২৬ অপরাহ্ণ
বগুড়া প্রতিনিধি:: প্রশাসনের নাম ভাঙ্গিয়ে মালিক সমিতির নামে ব্যাটারী রিক্সা, ইজিবাইকের লাইসেন্স প্রদানের কথা বলে চাঁদাবাজি, হয়রানী ও বেআইনী তৎপরতা বন্ধের দাবিতে রিক্সা, ব্যাটারী রিক্সা ও ইজিবাইক চালক-মালিক সংগ্রাম পরিষদ বগুড়ার উদ্যোগে বগুড়া জেলা প্রশাসক, মেয়র, এসপি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে ঊপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদ বগুড়া জেলা সংগঠক মাসুদ পারভেজ, রাফিউল আলম সুমন, সুকুমার দাস, পলাশ প্রমুখ নেতৃবৃন্দ।
স্মারকলিপির মাধ্যমে জানানো হয় বিগত কয়েকদিন ধরেই ‘বগুড়া সদর উপজেলা রিক্সা, ভ্যান-রিক্সা মালিক সমিতি’ রেজি নং-০৭০ নম্বরধারী মালিক সমিতির নামে কিছু সংখ্যক ব্যক্তি বগুড়া শহরে ব্যাটারী রিক্সা, ইজিবাইকের লাইসেন্স, চালকের পরিচয় পত্র প্রদানের কথা বলে বাধ্যতামূলক সদস্যভূক্ত হবার জন্য গ্যারেজে গ্যারেজে হয়রানী, ভয়ভীতি প্রদর্শন করছে। লিফলেট প্রদান করছে এবং মৌখিকভাবে জানাচ্ছে তাদেরকে ডিসি, এসপি, মেয়র লাইসেন্স প্রদান করেছে, সেটা নিতে হলে গ্যারেজগুলো থেকে টাকা প্রদান করতে হবে। সদস্যভুক্তি বাধ্যতামূলক এই মর্মে মাইকিং করেছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় গত ০৪ এপ্রিল ২০২২ সুপ্রীম কোর্টে পূর্ণাঙ্গ বেঞ্চে মহাসড়ক ছাড়া সর্বত্র ইজিবাইক ও থ্রী হুইলার চলাচলের অনুমতি প্রদান করেছে এবং ‘থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ খসড়া প্রস্তুত হয়েছে। এই খসড়া চূড়ান্ত করা ও কার্যকর করার দাবিতে সংগ্রাম কমিটির পক্ষে আমরা আন্দোলন করছে। তখন প্রশাসনের নাম ভাঙ্গিয়ে হয়রানী, চাঁদাবাজী ও বেআইনী তৎপরতা চালাচ্ছে। স্মারলিপির মাধ্যমে হয়রানী, চাঁদাবাজী ও বেআইনী তৎপরতা বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।।