ডেস্ক রিপোর্ট
৪ এপ্রিল ২০২২, ৫:৩৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মহাসড়ক ছাড়া দেশের সর্বত্র ইজিবাইক ও থ্রী-হুইলার চলাচলের অনুমতি প্রদান করে সুপ্রিম কোর্টের দেয়া আদেশে স্বস্তি প্রকাশ করে রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ সড়ক-মহাসড়কে বিকল্প লেন নির্মাণের দাবি জানিয়েছেন।
আজ সোমবার (০৪ এপ্রিল ২০২২) রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন সংবাদ বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারাদেশের চালক, মেকানিক, ক্ষুদে মালিক, গ্যারেজ মালিকসহ প্রায় ৫০ লাখ মানুষ ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের সাথে সরাসরি যুক্ত। এর সাথে তাদের উপর নির্ভরশীল প্রায় আড়াই থেকে তিন কোটি মানুষ। সুপ্রিম কোর্টের এ আদেশ তাদের জীবনে সাময়িক স্বস্তি আসলেও পুরো সংকট নিরসন হবে না। দেশের সড়ক-মহাসড়কসমূহ জেলা-উপজেলাসহ বাজারের পাশ দিয়ে বা উপর দিয়ে গিয়েছে। ফলে গণপরিবহন না থাকায় ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন ছাড়া এ সমস্ত স্থানে চলাচল করা অত্যন্ত কঠিন। মহাসড়কে ইজিবাইকসহ স্বল্প গতির ও লোকাল যানবাহন চলাচলের জন্য পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণ না করেল সড়ক-মহাসড়কে সার্বিক শৃঙ্খলা যানজট নিরসন করা যাবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের জন্য সরকার প্রণীত ‘থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা- ২০২১’ এর দ্রুত চূড়ান্ত ও কার্যকর, নীতিমালার আলোকে ব্যাটারিচালিত যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্স প্রদান এবং মহাড়কে স্বল্প গতির যানবাহনের জন্য পৃথক রোড বা সার্ভিস রোড নির্মাণ করাসহ সংগ্রাম পরিষদের ৬ দফা দাবি আদায়ে সারাদেশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।