ডেস্ক রিপোর্ট

৪ এপ্রিল ২০২২, ৮:০৮ অপরাহ্ণ

ঢাবির হলগুলোতে খাবারের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে ছাত্র ফ্রন্ট

আপডেট টাইম : এপ্রিল ৪, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে খাবারের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যলোয় শাখা৷

আজ সোমবার, ০৪ এপ্রিল এক যুক্ত বিবৃতিতে সভাপতি রাজিব কান্তি রায় ও সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভ বলেন, রোজার শুরুতেই বিভিন্ন আবাসিক হলগুলোতে খাবারের দাম বাড়ানো হয়েছে। কোনো কোনো হলে পূর্বের থেকে দেড় গুন পর্যন্ত বেড়েছে দাম। এর আগে করোনাকালীন ছুটির পর ক্যাম্পাস খুললে একদফা খাবারের দাম বাড়ানো হয়েছিল। করোনায় নেমে আসা অর্থনৈতিক সংকটে জর্জরিত শিক্ষার্থীদের উপর বাড়তি দামের বোঝা চাপিয়ে দেয়া হয়েছিল অথচ প্রয়োজন ছিল বিশেষ ভর্তুকি প্রদান করে খাবারের দাম কমানো। সেসময় আমাদের সংগঠনের পক্ষ থেকে অপরারপর ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের সাথে নিয়ে এর প্রতিবাদ করা হয়েছিল। যদিও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এখন পুনরার আরেক দফা দাম বাড়িয়ে শিক্ষার্থীদেরকে ভোগান্তির চরমে ঠেলে দেয়া হচ্ছে। হল ক্যান্টিন থেকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নিয়মিত চাঁদাবাজির ঘটনা ঘটছে প্রশাসনের নাকের ডগায়। তা সত্ত্বেও প্রশাসন এ ব্যাপারে নিশ্চুপ, নিষ্ক্রিয়।

নেতৃবৃন্দ আরও বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চার জায়গাকে বিকশিত করার জন্য শিক্ষার্থীদের সুস্বাস্থ্য খুবই জরুরি। তার জন্য সুলভ, পুষ্টিকর ও মানসম্মত খাবারের ব্যবস্থা থাকা দরকার। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। একদিকে বন্ধ হয়ে আছে ডাইনিং সিস্টেম, অন্যদিকে ক্যান্টিনে খাবারের দাম আকাশচুম্বী; মান যাচ্ছেতাই।

নেতৃবৃন্দ অবিলম্বে হলগুলোতে খাবারের দাম কমানোর জন্য প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ, ভর্তুকি প্রদান, প্রশাসনিক উদ্যোগে ডাইনিং সিস্টেম চালু, ও খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে বিশেষ মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন