ডেস্ক রিপোর্ট

২ এপ্রিল ২০২২, ৮:২৪ অপরাহ্ণ

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৯৮ রান

আপডেট টাইম : এপ্রিল ২, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ডারবান টেস্টে ২৯৮ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস। শেষ উইকেট হিসেবে লিজাড উইলিয়ামসের তৃতীয় শিকার হন মাহমুদুল হাসান জয়।

এর আগে ‘ইতিহাস গড়া’ সেঞ্চুরি পান টাইগার ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম এবং প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি উদ্‌যাপন করেন ২১ বছর বয়সী ব্যাটার। ২৬৯ বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন জয়।

দেশের মাটিতে তো বটে, দ. আফ্রিকার মাটিতেও এটি কোনো বাংলাদেশির প্রথম সেঞ্চুরি। প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে বাংলাদেশের আগের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরটি ছিল মুমিনুল হকের। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ৭৭ রান করেছিলেন টাইগারদের বর্তমান টেস্ট অধিনায়ক।

ওপেনিংয়ে নেমে দ্বিতীয় দিনে জয় ফিরে যেতে দেখেছেন চার সতীর্থকে। তৃতীয় দিনেও তিন সঙ্গীর বিদায় দেখেছেন। কিন্তু নিজের ব্যাটিং থেকে একটুকুও মনোযোগ হারাননি তিনি। দ্বিতীয় সেশনে এসে পান ইতিহাস গড়া সেঞ্চুরি। প্রোটিয়া বোলারদের বিপক্ষে একাই লড়াই করে দলকে তিনশ’ ছুঁইছুঁই সংগ্রহ এনে দেন জয়।

৪ উইকেটে ৯৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। এই চার উইকেট নেন প্রোটিয়া স্পিনার হার্মার। দ্বিতীয় দিন দ. আফ্রিকার প্রথম ইনিংস থামে ৩৬৭ রানে। তৃতীয় দিনের তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংস শুরু করেছে প্রোটিয়ারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ১ রান করেছে দ. আফ্রিকা। ব্যাটিংয়ে আছেন দুই ওপেনার ডিন এলগার (০) ও সেরেল এরউই (১)। স্বাগতিকেরা লিড নিয়েছে ৭০ রান।

তৃতীয় দিনের প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৮৫ রান পায় বাংলাদেশ। আগেরদিনের নাইট ওয়াচ ম্যাচ তাসকিন আহমেদ (১) ফেরেন দিনের শুরুতে। এরপর দুইবার জীবন পেয়েও ৯ রানের জন্য ফিফটি করতে পারেননি লিটন দাস। উইলিয়ামসের দ্বিতীয় শিকার হিসেবে বোল্ড হন তিনি।

তার আগে জয়ের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন লিটন। মধ্যাহ্নভোজ থেকে ফিরেই বিদায় নেন বাংলাদেশি উইকেটরক্ষক। এরপর রানআউটের শিকার হন ইয়াসির আলী (২২)। সেট হয়ে ফেরেন মেহেদি হাসান মিরাজ (২৯)। রানের খাতা খুলতে পারেননি খালেদ আহমেদ। কোনো বলের মুখোমুখি হতে হয়নি এবাদত হোসেনকে।

শেয়ার করুন