ডেস্ক রিপোর্ট
২৫ মার্চ ২০২২, ১১:৫১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ ও বন্ধ পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালুর দাবিতে ডেমরা শিল্প এলাকায় শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৫ মার্চ) বিকাল ৪ টায় ঢাকা ডেমরা করিম জুটমিল গেটের সামনে পাট- সুতা/ বস্ত্রকল সংগ্রাম পরিষদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতিত্ব করেন শ্রমিক নেতা মোহাম্মদ গুফরান এবং সঞ্চালনা করেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।
২০২০ সালের ২ জুলাই পাটকল বন্ধের সময় সরকার ঘোষিত সময় সূচির মধ্যে( দুই মাসের মধ্যে সকল বকেয়া পাওনা পরিশোধ ও ৩ মাসের মধ্যে মিল চালু) শ্রমিকদের সমস্ত বকেয়া পাওনা পরিশোধ ও মিল চালু না হওয়ায় ডেমরার করিম জুটমিল ও লতিফ বাওয়ানি জুটমিলের শ্রমিকরা উক্ত কর্মসূচি পালন করেছে। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক -ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটকল সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আসলাম খান, শ্রমিক কর্মচারি ফেডারেশন দপ্তর সম্পাদক ভজন বিশ্বাস, আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন মিয়া, হালিম সর্দার, আবদুর রুফ, আ: রহিম, খোরশেদ আলম, আ: কাদের প্রমুখ।
বক্তারা বলেন, সরকার এই মহামারী করোনার মধ্যে ২৬ টি পাটকল এক যোগে বন্ধ করে কেবলমাত্র ৭০ হাজার শ্রমিক কে বেকার করেনি। বেকার হয়েছে এই শিল্পের সাথে যুক্ত আরও কয়েক লক্ষ পরিবার। তারা আজ পথে পথে ঘুরছে। সরকার মিল বন্ধের সময় দুই মাসের মধ্যে সমস্ত শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ ও ৩ মাসের প্রথম মিল চালুর ঘোষণা দিলেও আজ প্রায় দুই বছর (২১ মাস) হতে চললেও একটা মিলও এখনো চালু হয়নি। শ্রমিকদের কোন ধরনের হিসাব বুঝিয়ে না দিয়ে স্থায়ী ও বদলি শ্রমিকদের কিছু টাকা পরিশোধ করা হলেও এখনো প্রায় ২০ হাজার বদলি শ্রমিক ও ৫ টি জুটমিলের প্রায় ১১ হাজার অস্থায়ী শ্রমিকর এখনো তাদের বকেয়া পাওনা বুঝে পায়নি। অথচ সরকার আছে তার উন্নয়ন নিয়ে। অনেক শ্রমিক আজ রাস্তায় নেমেছে ভিক্ষার থালা নিয়ে, যা এই সরকারকে বিন্দুমাত্র স্পর্শ করে না। বক্তারা অনতিবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ না রাষ্ট্রীয় উদ্যোগে চালুর দাবি জানান।