ডেস্ক রিপোর্ট
২২ মার্চ ২০২২, ৮:৩১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: মুনাফাখোর সিন্ডিকেট ও সরকারের অশুভ আঁতাতের কারণে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মন্তব্য করেছেন বাম জোটের সমন্বয়ক সাইফুল হক। তিনি আজ মঙ্গলবার (২২ মার্চ) আগামী ২৮ মার্চ হরতালের গণসংযোগ কর্মসূচিতে যোগ দিয়ে এই মন্তব্য করেন।
সরকার ও সরকারি দলের উসকানি পরিহার করে শান্তিপূর্ণভাবে মানুষ বাঁচাতে ২৮ মার্চ দেশব্যাপী হরতাল সফল করতে সকল প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এই হরতাল মুনাফাখোর মধ্যস্বত্বভোগী বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে, এই হরতাল সরকার ও অশুভ বাজার সিন্ডিকেটের আতাঁতের বিরুদ্ধে ; এই হরতাল কোটি কোটি গরীব ও স্বল্প আয়ের মানুষের কাছে খাদ্য পৌঁছানো নিশ্চিত করতে।
তিনি বলেন, ইতিমধ্যে সরকার বাজার নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নিয়েছে খুচরা বাজারে তার কোন প্রভাব নেই।তিনি বলেন বাজার সিন্ডিকেট পুরোপুরি বেপরোয়া। সরকারের নানা প্রতিষ্ঠানের সাথে অশুভ আঁতাতের কারণে এরা যা খুশী তাই করে চলেছে।
তিনি বলেন, সরকারি উদ্যোগ সিন্ধুতে বিন্দুর মত।এসব ছিটেফোঁটা পদক্ষেপ দিয়ে বেহাল খাদ্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।
তিনি হরতালের সমর্থনে গণসংযোগ চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ও ঢাকা কলেজে প্রগতিশীল ছাত্র জোটের নেতা কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।
আজ হরতালের সমর্থনে ঢাকার নাজিমুদ্দিন রোড ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় পথসভা ও গণসংযোগ চলাকালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে পার্টির দাবিপক্ষে আয়োজিত পথসভা ও গণসংযোগে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী,আকবর খান, ঢাকা মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, কামরুজ্জামান ফিরোজ, স্নিগ্ধা সুলতানা ইভা, ইউসুফ জামিল , ইফতেখার আহমেদ চৌধুরী প্রমুখ।