ডেস্ক রিপোর্ট
২২ মার্চ ২০২২, ১২:৪৩ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: সিরাজগঞ্জ-চট্টগ্রামে বামজোট ও সিপিবির পথসভা-মিছিলে পুলিশ এবং ছাত্রলীগের হামলা করেছে বলে দাবি করেছেন সিপিবি। দলটির নেতারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার তার পেটোয়া বাহিনী দিয়ে সাধারণ মানুষের কণ্ঠ স্তব্ধ করতে চাইছে।
সোমবার (২১ মার্চ) রাতে সিপিবির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত পথসভায় সিরাজগঞ্জে মমতা হলের সামনে পুলিশের বাধা দান, মাইক ও ব্যানার ছিনিয়ে নিয়ে নেতা কর্মীদের ওপর হামলা এবং চট্টগ্রামে জিইসি মোড়ে ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানাই।
তারা আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার তার পেটোয়া বাহিনী দিয়ে সাধারণ মানুষের কণ্ঠ স্তব্ধ করতে চাইছে। কিন্তু হামলা করে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না। দেশবাসী আগামী ২৮ মার্চ দেশব্যাপী শান্তিপূর্ণ অর্ধদিবস হরতাল পালন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও দুঃশাসনের বিরুদ্ধে রায় দেবে।
কোনও উসকানিতে পা না দিয়ে ২৮ মার্চ হরতালের সমর্থনে প্রচার কাজ ও জনমত গঠন অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান সিপিবির শীর্ষ এই দুই নেতা।