ডেস্ক রিপোর্ট
২০ মার্চ ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: আসন্ন রমজান মাসে ঢাকায় গাড়ির চাকা সচল রাখতে থানার টহল পুলিশ ট্রাফিক পুলিশকে সহায়তা করবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, সামনে রমজান মাস আসছে। এবার রমজানে স্কুল খোলা থাকবে, যা ট্রাফিক ব্যবস্থাপনার উপর ব্যাপক চাপ ফেলবে। এটা ডিএমপির জন্য বড় চ্যালেঞ্জ। ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে থানার টহল পার্টিগুলো প্রত্যেক বড় বড় মোড়গুলোতে ট্রাফিক পুলিশকে সহায়তা করবে।
রোববার (২০ মার্চ) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ফেব্রুয়ারি-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, যে যেখানেই চাকরি করি না কেন, কারো দৃষ্টিতে কোনো অনিয়ম বা ট্রাফিক বিশৃঙ্খলা চোখে পড়লে সংশ্লিষ্ট বিভাগকে অবগত করতে হবে।
শুধু পাহারা দিয়ে অপরাধ দমন করা যায় না জানিয়ে মোহা. শফিকুল ইসলাম বলেন, অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেফতার করে আইনের আওতায় এনে অপরাধ প্রতিরোধ করতে হবে। এটাই আসল পদ্ধতি।
ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলন কিংবা গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিবহনের ক্ষেত্রে তাদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি ছিনতাইকারী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে তাদের গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার।
গত কয়েক মাসে ঢাকা মহানগরীর কোথাও কোনো বড় ধরনের অঘটন না ঘটায় ডিএমপির সকলকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আরও সতর্ক থাকতে হবে। আমাদের সবাইকে শতভাগ উজাড় করে দিতে হবে। সবার চলাচলের নিরাপত্তা বিধান করতে পারলেই আমরা সফল হিসেবে গন্য হবো।