ডেস্ক রিপোর্ট
১৯ মার্চ ২০২২, ৭:১৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক :: বগুড়ায় অস্ট্রেলিয়ান গমের লাল আটা কেজি প্রতি চার টাকা দাম বেড়েছে। এক সপ্তাহ আগেও এই আটা বিক্রি হয়েছে ৪৪ টাকা কেজি দরে। এখন বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। এছাড়া সব ধরনের আটা কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে আটার দাম বেড়েছে।
শহরের রাজা বাজারে গিয়ে দেখা যায়, অস্ট্রেলিয়ান গমের লাল আটা কেজিতে ৪ টাকা বেড়েছে। এ ছাড়া দেশি গমের লাল আটা বিক্রি হচ্ছে ৪২ টাকা কেজি। এই দেশি গমের আটা এক সপ্তাহ আগে দাম ছিল ৪২ টাকা কেজি। ৩৪ টাকার সাদা আটা বিক্রি হচ্ছে ৩৬ টাকা কেজি দরে।
শহরের রাজাবাজার রেললাইনের পাশের খুচরা আটার দোকানি কমল সরকার বলেন, ‘এক সপ্তাহ হয় আটা কেজি ২ টাকা থেকে ৪ টাকা পর্যন্ত দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে অস্ট্রেলিয়ার গমের লাল আটার দাম। এটি কেজিতে ৪ টাকা বেড়েছে।’
দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে অস্ট্রেলিয়ন গমের আমদানি হচ্ছে না। যার কারণে অস্ট্রেলিয়ান আটার দাম বেশি বেড়েছে। এর প্রভাব পড়েছে দেশে উৎপাদিত গমের আটা ময়দার ওপরেও।’
জেলা কৃষি বিপণন কার্যালয়ের মাঠ ও বাজার পরিদর্শক আবু তাদের বলেন, ‘বাজার পরিদর্শনে গিয়ে জানতে পারলাম- আটা কেজিতে ৩ থেকে ৪ টাকা দাম বেড়েছে। তবে কী কারণে বেড়েছে তা বুঝতে পারছি না।’