ডেস্ক রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ৮:৫৯ অপরাহ্ণ
বগুড়া প্রতিনিধি:: ২৮ মার্চ বাম জোটের অর্ধদিবস হরতালের সমর্থনে, শান্তাহারে সিপিবি’র প্রচারে এবং সারাদেশে হামলার প্রতিবাদে আজ ১৬ মার্চ বেলা ১১:৩০টায় বাম গণতান্ত্রিক জোট বগুড়ার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা সমন্বয়ক, সিপিবি জেলা সভঅপতি জিন্নাতুল ইসলাম।
সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক
আমিনুল ফরিদ, গণসংহতি আন্দোলন বগুড়া জেলা সমন্বয়কারী আব্দুল রশীদ, বাসদ জেলা সদস্য অ্যাড. দিলরুবা নূরী। সমাবেশ সঞ্চালনা করেন বাসদ জেলা সদস্য ধনঞ্জয় বর্মন।
সমাবেশে সভাপতির বক্তব্যে জিন্নাতুল ইসলাম বলেন, “চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, বর্তমান ফ্যাসিবাদী দুঃশাসন হটানো ও গণতন্ত্র-ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে যে হরতাল তা কেবল বামপন্থিদের হরতাল নয়। এই হরতাল আপামর সমস্ত জনগণের হরতাল। আর এই হরতাল করার, সমাবেশ করার, মিছিল করার অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে। সেখানে যখন ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা
হামলা চালায়, তাতে এটা সুস্পষ্ট হয় যে তারা আর গণতন্ত্রে বিশ্বাস রাখে না, তারা সংবিধানকে ধারণ করে না।” তিনি সমাবেশ থেকে এই হামলার তীব্র নিন্দা জানান এবং আরো বলেন বাধা দিয়ে কখনো কোনো আন্দোলন বাধাগ্রস্ত করা যায়নি, বাধা দিলেই হরতালকে বানচাল করা যাবে না।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ সারাদেশে হামলার তীব্র নিন্দা জানান এবং প্রতিবাদ জানিয়ে বলেন যে চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি লাগামহীন । করোনা মহামারীকালে মানুষ চাকুরি হারিয়েছে, আয় কমেছে; এমতাবস্থায় আকাশচুম্বী দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবনে ব্যাপক দুর্ভোগ নেমে এসেছে। সরকার বাজার নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থই শুধু নয়, মুনাফালোভী বাজার সিন্ডিকেটকে প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে।’
সেইসাথে দেশে এক ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। ভোট ডাকাতির মাধ্যমে সরকার ক্ষমতা দখল করে দুর্নীতি-লুণ্ঠনকে লাগামহীন করে তুলেছে। মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার আজ ভুলুণ্ঠিত।
নেতৃবৃন্দ সমাবেশ থেকে, ’গ্রাম-শহরের শ্রমজীবী সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিত্য প্রয়োজনীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করে রাষ্ট্রীয় বাণিজ্য বৃদ্ধি, বাজার মনিটরিং জোরদার করা, মুনাফাখোর সিন্ডিকেট ভেঙে ফেলা, মজুতদার, আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা,
টিসিবি’র পণ্য বিক্রির ট্রাকের সংখ্যা বৃদ্ধি, গ্রাম পর্যন্ত ও এমএস এর বিক্রি সম্প্রসারিত করা, গ্রাম-শহরের শ্রমজীবী জনগণের জন্য আর্মি রেটে পূর্ণাঙ্গ
রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।
নেতৃবৃন্দ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ফ্যাসিবাদী দুঃশাসন হটানোর দাবিতে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার জন্য সকল বাম- প্রগতিশীল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।
সমাবেশ থেকে আগামী ২৮ মার্চ’২২ অর্ধদিবস বাম গণতান্ত্রিক জোটের ডাকা সারাদেশব্যাপী অর্ধদিবস ’হরতাল’ সফল করার আহ্বান জানান।
সদস্য, জেলা কমিটি, বাসদ।