ডেস্ক রিপোর্ট

১৬ ফেব্রুয়ারি ২০২২, ৭:৫২ অপরাহ্ণ

রাষ্ট্রীয় মর্যাদায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  ভারতে রাষ্ট্রীয় মর্যাদায় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কেওড়াতলা মহাশশ্মানে পূর্ণ মর্যাদায় তাকে স্যালুট জানানো হয়।
এ সময় রাজনীতি, সংস্কৃতি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে শেষ যাত্রায় যোগ দেন অসংখ্য মানুষ।

এ সময় প্রিয় গায়িকাকে শেষবারের মতো দেখতে রাস্তার দুই পাশে ভিড় জমিয়েছেন বহু মানুষ। উত্তরবঙ্গ সফর সেরে শেষ যাত্রায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, শান্তনু সেন।

সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সকাল থেকে সন্ধ্যার দেহ শায়িত রাখা হয় কলকাতার রবীন্দ্র সদনে। শুধু বিশিষ্ট ব্যক্তিত্বরাই নয়, শিল্পীকে শেষবার দেখতে রবীন্দ্র সদনে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ।

এদিকে, মঙ্গলবার রাতে কলকাতা পৌরসভার ‘পিস ওয়ার্ল্ড’-এ রাখা হয়েছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ।

হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি হাসপাতালে ৯০ বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুতে সংগীত ভুবনে নেমে এসেছে শোকের ছায়া। ২৬শে জানুয়ারি রাতে হাসপাতালে ভর্তি করানোর দুই দিন আগেই ভারতের কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যমগুলো হাসপাতালের বরাত দিয়ে জানায়, সন্ধ্যা মুখোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই হৃদরোগ ও ফুসফুসজনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ গেল ২৭শে জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। এরপর থেকেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৩১ সালের ৪ঠা অক্টোবর দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় জন্মগ্রহণ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তার সংগীত শিক্ষার মূল কান্ডারি ছিলেন দাদা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ১৯৪৫ সালে মাত্র ১৪ বছর বয়সে প্রথম গান রেকর্ড করেন তিনি। ১৯৪৮ সালে ‘অঞ্জনগড়’ সিনেমার মধ্য্যে দিয়ে প্রথমবার প্লেব্যাক করেন। তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্ম।

শেয়ার করুন