ডেস্ক রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২, ১:১৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: চলমান ইউক্রেন সংকট নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে রাশিয়া।
সোমবার পশ্চিমাদের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। দেশটির একটি টেলিভিশন আলোচনায় সের্গেই লাভরভ প্রেসিডেন্ট পুতিনকে এ আহ্বান জানান। আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
এসময় তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য একটা সুযোগ রয়েছে।
ওই টেলিভিশন আলোচনায় পুতিনকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার পক্ষ থেকে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ থাকবে। এর জবাবে পুতিন জানায়, ‘চমৎকার’।
লাভরভ পুতিনকে আরও জানান, সামরিক পদক্ষেপ না নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু প্রস্তাব রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশ-ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে, রাশিয়ার সেনাদের নাটকীয় উপস্থিতির কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে নেজেদের দূতাবাস দেশটির পোল্যান্ড সীমান্তবর্তী লাভিব শহরে অস্থায়ীভাবে স্থানান্তর করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সীমান্তে সমরাস্ত্র বাড়ানোর পাশপাশি ইউক্রেন সীমান্তের দিকে আরও এগিয়েছে রাশিয়ার সেনারা বলে দাবি পেন্টাগনের। আক্রমণের আশঙ্কা আরও বেড়ে যাওয়ায় নাগরিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, নেদারল্যান্ডস,লাটভিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ।
ইউক্রেনকে ঘিরে সামরিক উত্তেজনার মধ্যেই বেলারুশের সঙ্গে বৃহস্পতিবার থেকে টানা ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। অত্যাধুনিক সব সামরিক সরঞ্জামাদির পাশাপাশি দক্ষ সেনাদের নিয়ে যৌথ এই মহড়াকে কেন্দ্র করে স্নায়ুযুদ্ধের পর সাবেক সোভিয়েত বেলারুশে সবচেয়ে বেশি ৩০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া বলছে ন্যাটো।
২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকেই আজভ ও কৃষ্ণ সাগর নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বিরোধ এখনও চলছে।