ডেস্ক রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ৯:৪৫ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: ফেসবুকে নিঃসঙ্গদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, গ্রেপ্তার চক্রের চার সদস্য।
নারী সেজে ফেসবুকে নিঃসঙ্গ মানুষের সঙ্গে বন্ধুত্ব-যা একসময় গড়ায় কথিত প্রেমে। একান্তে সময় কাটানোর কথা বলে নেয়া হয় বাসায়। সেখানে তিন-চারজন ঘিরে ধরে বিভিন্ন হুমকি দিয়ে আদায় করা হয় টাকা। এখানেই শেষ নয়, ভিডিও করে তা দিয়ে চলে ব্ল্যাকমেলিং। সামাজিক মর্যাদার ভয়ে দিনের পর দিন ভুক্তভোগীদের দিতে হয় টাকা। এভাবে দীর্ঘদিন প্রতারণা করছে এরকম অভিযোগের পর ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে একটি চক্র।
প্রথমেই অপরচিত এক নারীর ফ্রেন্ড রিকুয়েস্ট। তারপর বন্ধুত্ব। শুরু হয় খুদে বার্তা পাঠানো যা একপর্যায়ে পৌছায় ভিডিও কলে। সময়ের সাথে গাঢ় হয় সম্পর্ক। একপর্যায়ে একান্তে সময় কাটানোর জন্য ডাকেন বাসায়। ভুক্তভোগী তখনও জানতে পারেননি কি ফাঁদ তৈরি হচ্ছে।
বাসায় গিয়ে সময় কাটানো শুরু। কিছু সময় পর দরজা খুলে তিন চারজন ভেতরে গিয়ে আটক করে তাদের।
ভুক্তভোগী একজন বলেন, আমাকে বাসায় যাওয়ার জন্য দাওয়াত দেয়। আমি বাসায় যাওয়ার একটু পরই দুই তিনজন লোক ঢুকে। তারা আমাকে বলে আমি নাকি ইয়াবার ব্যবসা করি। আমার কাছে ইয়াবার চালান আছে। তারা আমাকে বলে আমি যদি ১০ লাখ টাকা দেই তাহলেই মান-সম্মান নিয়ে আমাকে সেখান থেকে ছেড়ে দেয়া হবে।
দীর্ঘদিনে ধরেই নারীদের ব্যবহার করে এমনভাবে প্রতারণা করে আসছে চক্রটি। সম্প্রতি এমন একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত চক্রটি জানান, কিভাবে তারা ফাঁদ পাতেন। বলেন, একজন নারী তাদের পাতা ফাদেঁ নি:স্বঙ্গ লোকদের সাথে কথোপকথন চালায়। পরে প্রেমের সম্পর্ক গড়ে তাদের বাড়িতে ডেকে এনে সামাজিক ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নেয় অর্থ।
পুলিশ বলছে, চক্রটি দীর্ঘদিন থেকে প্রতারণা করছে। ডিএমপির গোয়েন্দা বিভাগ (গুলশান) উপ কমিশনার মশিউর রহমান, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত কারো প্রলোভনে পা না দিয়ে আমাদের আরো সচেতন হতে হবে।
ফেসবুকে বন্ধুত্ব করার আগে যাচাই বাছাই করে নেয়ার পরামর্শ পুলিশের।