ডেস্ক রিপোর্ট

১২ ফেব্রুয়ারি ২০২২, ৮:৫৩ অপরাহ্ণ

পাঁচভাইকে চাপা দেওয়া চালকের লাইসেন্স নেই, গাড়ি ছিল বেপরোয়া গতিতে

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কক্সবাজারের চকরিয়ায় পাঁচভাইকে চাপা দেওয়ার ঘটনায় অভিযুক্ত পিকআপ চালক সহিদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার রাতে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় র‌্যাব জানিয়েছে, ওই চালকের কোনো লাইসেন্স ছিল না। ঘটনার সময় পিকআপটি বেপরোয়া গতিতে চলছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক তার অপরাধ স্বীকার করেছেন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি পিকআপের চাপায় পাঁচভাইয়ের মৃত্যু হয়। তারা হলেন, মৃত সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম (৪৬), নিরুপম (৪০), দীপক (৩৫), চম্পক (৩০) ও স্মরণ (২৫)। এছাড়া এ ঘটনায় আহত রক্তিমকে লাইফসাপোর্টে রাখা হয়েছে। বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের একদিন আগে ক্ষৌরকর্ম শেষে তারা নয় ভাইবোনের বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ঘটনার দিন ভোরে চকরিয়া থেকে কক্সবাজারের উদ্দেশে সবজি বোঝাই পিকআপ নিয়ে রওনা দেন সাইফুল। রাস্তায় ঘন কুয়াশা থাকা সত্ত্বেও দ্রুত সবজি পৌঁছানোর জন্য তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। কুয়াশা ও গতির কারণে মালুমঘাট বাজারের নার্সারি গেটের সামনে রাস্তা পাড় হওয়ার জন্য অপেক্ষারতদের তিনি লক্ষ্য করেননি। গতি বেশি থাকায় কাছাকাছি এসে তাদের দেখতে পেলেও গাড়ি নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় তার সঙ্গে পিকআপ মালিকের ছেলে তারেক ও ভাগ্নে রবিউল ছিলেন।

সাইফুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, দুর্ঘটনার সময় গাড়িটি ৬৫ থেকে ৭০ কিলোমিটার গতিতে চলছিল। তখন গাড়ি থামানোর জন্য ব্রেক ধরলেও নিয়ন্ত্রণ হারিয়ে তা প্রায় ১০০ ফুটের মতো সামনে চলে যায়। পরে চালক পিকআপ থেকে নেমে নিহতদের দেখতে গেলেও মালিকের ছেলে তারেকের নির্দেশে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতদের ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে পিকআপ ভ্যান চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও চালক পলাতক ছিলেন।

শেয়ার করুন