ডেস্ক রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ১১:০০ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ গড়াতে বোধহয় আর বেশি দূরে নয়। এ নিয়ে বারবার সতর্ক করে আসছে পশ্চিমাদেশগুলো। এর মধ্যে নরওয়ের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান হুঁশিয়ারি করে বলেছেন, ইউক্রেন সীমান্তে দেড় লক্ষাধিক সেনা মোতায়েন করেছে মস্কো। ফলে ব্যাপক পরিসরে সামরিক অভিযান চালাতে প্রস্তুত দেশটি।
নরওয়ের গোয়েন্দা সংস্থার বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনের প্রকাশর পর ভাইস এডমিরাল নিলস আন্দ্রেয়াস স্টেনসোনস এমন সতর্কবার্তা দিলেন। তার মতে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে শুধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নির্ভর করছে তিনি যুদ্ধের জন্য সামনে এগিয়ে যেতে চান, নাকি পেছাবেন।
নরওয়ের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের এই ব্যক্তব্যের আগে রাশিয়ার সামরিক তৎপরতা নিয়ে স্যাটেলাইটের নতুন ছবি প্রকাশ করেছে মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার। ইউক্রেন সীমান্তের তিনদিকে ব্যাপক পরিসরে সামরিক কার্যক্রম বাড়িয়েছে বলে ছবিতে ধরা পড়েছে। যদিও এ নিয়ে রাশিয়ার বক্তব্য পাওয়া যায়নি।
ইউক্রেন সীমান্তে রুশ সামরিক তৎপরতার প্রসঙ্গে মস্কোর দাবি, তারা ইউক্রেনে আক্রমণ করবে না। তবে এত সেনা উপস্থিতির কারণ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখা দেয়নি দেশটির সরকার।
সূত্র: আল জাজিরা।