ডেস্ক রিপোর্ট

৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৬ পূর্বাহ্ণ

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বাইডেনের বৈঠক

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৮, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ইউক্রেনে আক্রমণ চালালে রাশিয়ার নর্ড স্ট্রিম টু পাইপলাইন বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে ইউক্রেন ইস্যুতে বৈঠক করেন তিনি।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বাইডেন। তবে কিভাবে পাইপলাইনটি বন্ধ করা হবে সেবিষয়ে বিস্তারিত জানান নি। পাইপলাইন নিয়ে মন্তব্য না করলেও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করার কথা জানান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

এক হাজার ২২৫ কিলোমিটার লম্বা পাইপলাইনটির নির্মাণকাজ শেষ হলেও তা এখনও চালু হয় নি। ব্যাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে জার্মানি গেছে পাইপলাইনটি। এর মাধ্যমে ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ করা হবে।

এদিকে, সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ইউক্রেন সীমান্তে যুদ্ধ এড়ানো সম্ভব, বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন ম্যাক্রন।

শেয়ার করুন