ডেস্ক রিপোর্ট
৮ ফেব্রুয়ারি ২০২২, ১:১০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কক্সবাজারের চকরিয়া উপজেলায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় চার ভাইয়ের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের মালুমঘাট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মালুমঘাট এলাকায় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই শাফায়েত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। নিহতরা হলেন: ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকার মৃত সুরেশ চন্দ্র দে’র ছেলে অনুপম দে (৪৭), নিরুপম দে (৪৫), দীপক দে (৪০) ও চম্পক দে (২৫)।
আহতদের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
এসআই শাফায়েত হোসেন জানান, চার ভাইসহ একই পরিবারের নয়জন ভোরে স্থানীয় একটি শ্মশানে পূজা করে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তা পারাপারের সময় কক্সবাজারের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই এক ভাইয়ের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার পরে আরও তিন ভাই মারা যান। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মরদেহ মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে রাখা হয়েছে।