ডেস্ক রিপোর্ট

৫ ফেব্রুয়ারি ২০২২, ৯:১১ অপরাহ্ণ

সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করবো: সার্চ কমিটি প্রধান ওবায়দুল হাসান

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৫, ২০২২ ৯:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নতুন নির্বাচন কমিশন গঠনে ঘোষিত সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, রাষ্ট্রপতি যে দায়িত্ব দিয়েছেন সংবিধান ও আইন অনুযায়ী সে দায়িত্ব পালন করবো।

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি শনিবার এ কথা বলেন।

আন্তরিকতা ও ন্যায্যতার সঙ্গে দায়িত্বপালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন সার্চ কমিটি প্রধান।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, পাবলিক সার্ভিস কমিশন-পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।

সার্চ কমিটির সুপারিশকৃত ১০ জন থেকে পছন্দ অনুযায়ী পাঁচ সদস্য নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।

আগামী ১৪ ফেব্রুয়ারি কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে তার আগেই নতুন কমিশন গঠন করতে হবে। সেই কমিশনের অধীনেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

শেয়ার করুন