ডেস্ক রিপোর্ট
৫ ফেব্রুয়ারি ২০২২, ৯:০৩ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে সিলেট নগরীতে আটককৃত ব্যাটারি চালিত যানবাহন ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) গনমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত জানুয়ারি মাস থেকে ব্যাটারি চালিত যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে ফলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। অন্যদিকে তাদের উপর নির্ভরশীলরাও মানবেতর জীবন যাপন করছে। নিম্ন আয়ের মানুষেরা এসব যানবাহন কিস্তিতে কিংবা ঋনের মাধ্যমে কিনে থাকে। ফলে তারাও মহাসংকটে দিন যাপন করছে। অভিযানে বন্ধের ফলে স্বল্প ভাড়ার পরিবেশ বান্ধব এসব যানবাহন নগরীর সাধারণ নাগরিকদের চলাচলের সমস্যা তৈরি হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন,’থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ এর আলোকে সরকার যখন ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দিতে যাচ্ছে তখন শুধু সিলেট নগরীতে এধরনের অভিযান কোনভাবে গ্রহনযোগ্য নয়।
নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট নগরীতে আটককৃত ব্যাটারি চালিত যানবাহন ছেড়ে দেয়া ও চালকদের হয়রানি বন্ধের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।