ডেস্ক রিপোর্ট
৩ ফেব্রুয়ারি ২০২২, ৮:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও বাড়ল এলপি গ্যাসের দাম। ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ৬২ টাকা। নতুন দাম কার্যকর হচ্ছে সন্ধ্যা থেকেই।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, বাংলাদেশে ভোক্তাপর্যায়ে এলপিজির দাম এখনও ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক কম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতিমাসের শুরুতেই সৌদি আরমকোর প্রপেন ও বিউটেনের নতুন দর ঘোষণা করে বিইআরসি।
ফেব্রুয়ারির জন্য গ্রাহক পর্যায়ে এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য এক হাজার ২শ’ ৪০ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। জানুয়ারিতে এর দাম ছিল এক হাজার ১৭৮ টাকা। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতোই ৫৯১ টাকায় রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাস প্রতি লিটার এলপিজির মূল্য ৫৭.৮১ নির্ধারণ করা হয়েছে।
গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।