ডেস্ক রিপোর্ট

১ ফেব্রুয়ারি ২০২২, ৭:২৩ অপরাহ্ণ

নানা আয়োজনে চীনা নববর্ষকে বরণ করে নিল বিশ্ব

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চীনা নববর্ষকে বরণ করে নিল বিশ্বের বিভিন্ন দেশ। ২শ’ কোটিরও বেশি মানুষ মেতে উঠেছে বছর বরণের আনন্দে। পরিবারের সঙ্গে এক হয়ে ঐতিহ্যবাহী খাবার আর আয়োজনের মাধ্যমে স্বাগত জানাচ্ছেন ইয়ার অফ টাইগারকে। সপ্তাহব্যাপী উৎসবে রয়েছে নানা আয়োজন।

বিশ্বের বিভিন্ন দেশে প্রায় কয়েক কোটি মানুষ মেতে উঠছেন চীনা নববর্ষ উদযাপনে। কয়েক সপ্তাহ জুড়েই থাকবে উৎসবের রেশ।

নববর্ষটি পশ্চিমাদের কাছে পরিচিত চীনা নতুন বছর হিসেবও। আর চীনে এটিকে বলা হয় স্প্রিং ফেস্টিভ্যাল। শীতের শেষে বসন্তের আগমনের শুরুও এইদিনে।

ষাঁড়ের বছর পার করে চীনারা বরণ করছে ইয়ার অফ টাইগার। এছাড়াও নিজেদের ঐতিহ্য অনুযায়ী চান্দ্র নববর্ষকে বরণ করে নিচ্ছে কোরিয়া, সিঙ্গাপুর, মঙ্গোলিয়া, ভিয়েতনামসহ আরও অনেক দেশ।

নতুন বছরকে বরণে কয়েক সপ্তাহ ধরেই চলেছে প্রস্তুতি। সপ্তাহব্যাপী ছুটি কাটাতে পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন অনেকেই। আর উৎসবের শুরুতে শ্রদ্ধা জানিয়েছেন পূর্বপুরুষদের।

মঙ্গল আকাঙ্খায় বাড়িতে বাড়িতে বসেছে আলোর উৎসব। ঐতিহ্যবাহী খাবার, পিঠার পাশাপাশি রাতের আকাশে ফানুস ছাড়াও ছিল চোখ ধাঁধানো আতশবাজি। রয়েছে ড্রাগন প্যারেড, নৌকা বাইচসহ নানা আয়োজন।

তবে করোনার কারণে এবছরও অনেক শহরেই বাতিল করা হয়েছে উৎসব। সীমিত করা হয়েছে জমায়েত।

প্রতিবছর চীনারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে বেরিয়ে পড়ে বসন্ত উৎসবের ছুটিতে। এ উৎসবটি শুরু হয় চীনা ক্যালেন্ডারের প্রথম চন্দ্র মাসের প্রথম দিন এবং শেষ হয় ১৫ দিন পর পূর্ণচাঁদের রাতে। দিনটিতে সকলে লণ্ঠন জালিয়ে উৎসবে অংশ নেয়। এছাড়াও এ ১৫ দিন শহরে শহরে মেলার আয়োজন করা হয়।

ঐতিহ্য অনুসারে এই ১৫ দিন তারা তাদের পরিবার আত্মীয়-স্বজন এবং বন্ধুদের সঙ্গে সাক্ষাত করে। প্রথম দিন পরিবারের বড়দেরকে ছোটরা চা ও মিষ্টি খাবারের মাধ্যমে আপ্যায়ন করে থাকে। তারা মনে করে, এতে তাদের পারিবারিক বন্ধন আরো দৃঢ় হয়।

শেয়ার করুন