ডেস্ক রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ৮:১৩ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচির সপ্তম দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা সহযোদ্ধাদের অনশন ভঙ্গের উদ্যোগ নিয়েছেন। কিন্তু অনশন চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন অনশনকারীরা।
একদল শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমবেত হয়ে অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধ জানান। তারা বলেন, আমরা আমাদের সহযোদ্ধাদের কষ্ট মেনে নিতে পারছি না। আমরা তাদের মৃত্যুর দিকে ঠেলে দিতে চাই না। আন্দোলনের জায়গা থেকে তাই অনশন ভাঙার অনুরোধ জানিয়েছি।
এরআগে তারা উপাচার্যবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন। আন্দোলনকারী শিক্ষার্থী মোহাইমিনুল বাশার রাজ শপথ পড়ান।
অনশনকারী শিক্ষার্থী শাহারিয়ার আবেদিন বলেন, ‘আমি আরও কিছুদিন না খেয়ে থাকতে পারব। আমি অনশন চালিয়ে যেতে চাই। আমি অনশন ভাঙব না।’ আরেক অনশনকারী একই কথা বলেন।
এদিকে, অনশন ভঙ্গে আন্দোলনকারীদের আরও কিছুটা সময় দিয়েছে সহযোদ্ধারা। আন্দোলনকারীরা জানান, অনশন ভাঙলেও তারা দিন-রাতের পুরোটা সময় ক্যাম্পাসে অবস্থান নিয়ে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করিয়ে তবেই স্থান ত্যাগ করবে।