ডেস্ক রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২২, ২:১৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের নির্দেশে হামলা – আক্রমণ বর্বরোচিত, নজিরবিহীন ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা উল্লেখ্য করে অবিলম্বে হামলাকারী ও সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করার দাবি জানিয়েছেন বাম জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একইসাথে অভিযুক্ত ভিসিসহ সংশ্লিষ্টদের অপসারণ করারও দাবি জানান তাঁরা।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের বেপরোয়া লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউণ্ড গ্রেনেড হামলা ও পঞ্চাশ জনের বেশী মানুষকে আহত করার ঘটনাকে ‘বর্বরোচিত, নজিরবিহীন ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা ‘ হিসাবে আখ্যায়িত করে ঘটনারূপ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন এই ন্যাক্কারজনক ঘটনার দায় দায়িত্ব প্রশাসন, ভিসি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করতে হবে। নেতৃবৃন্দ ক্ষোভের সাথে উল্লেখ করেন, ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এইভাবে যারা পুলিশ ও ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের লেলিয়ে দিতে পারে,বিশ্ববিদ্যালয় ভবন প্রাংগনে টিয়ারশেল ও অসংখ্য সাউন্ড গ্রেনেড ছূঁড়ে অসংখ্য অসংখ্য ছাত্র,শিক্ষক ও কর্মচারীদের আহত করতে পারে দূ্র্বৃত্ত আর সন্ত্রাসীদের ভূমিকায় আবির্ভূত হয়ে তারা শিক্ষক নামের কলংক।
বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই ঘটনার বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্ত করে হামলাকারী ও হামলার নির্দেশদাতা সকলকে চিহ্নিত, গ্রেফতার ও উপযুক্ত বিচারের দাবি জানান। একই সাথে নেতৃবৃন্দ অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত ভিসি, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের অপসারণও দাবি করেছেন। তারা আহত শিক্ষার্থীদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন।
তারা বলেন,বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া এসকল সংকটের সমাধান নয়।
নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করারও আহবান জানান।
বিবৃতি প্রদান করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ( মার্কসবাদী)র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মানস নন্দি,ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু,ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী)র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।