ডেস্ক রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ৯:০৩ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সিলেট নগরীর বন্দর এলাকার ধোপাদিঘীরপাড়ে লেগুনাস্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে সিলেট নগরীর ধোপাদিঘিরপাড়স্থ ওসমানী শিশু উদ্যানের সামনে এ সংঘর্ষ হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানী শিশু উদ্যানের সামনের লেগুনাস্ট্যান্ড দখল নিয়ে লেগুনাচালক ও শ্রমিকদের সঙ্গে মালিকদের একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর থেকে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দুই পক্ষের বিতণ্ডার এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেয়। এ ছাড়া রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
২০ মিনিট ধরে চলা এ সংঘর্ষে দুপক্ষের লোকজন পরস্পরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে ৮ জন আহত হয়। এ সময় দুটি লেগুনার গ্লাস ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পার্শ্ববর্তী সোবহানীঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নেয়।
আজবাহার আলী শেখ বলেন, সংঘর্ষের কারণ আপাতত স্পষ্ট নয়। তবে ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে ও দুজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের পর ওসমানী শিশু উদ্যানের সামনের লেগুনাস্ট্যান্ডটি উচ্ছেদ করেছে পুলিশ। দুপক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। যদি কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয় তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।