ডেস্ক রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ১০:৪৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে রাজীব কান্তি রায়কে সভাপতি করে এবং সুহাইল আহমেদ শুভকে সাধারণ সম্পাদক করে ১১ সদ্যসদের নাম ঘোষণা করা হয়েছে।
সন্ত্রাস-দখলদারিত্ব মুক্ত, স্বায়ত্তশাসিত ও গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ বুধবার, ১২ জানুয়ারি তারিখ দুপুর ১২ টায় কলা ভবনের সামনে বটতলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১১তম সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স।
উদ্বোধনী বক্তব্যে নাসির উদ্দিন প্রিন্স বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে দাঁড়িয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের এই সম্মেলন। যে আকাঙ্খা ও স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, শাসকশ্রেণির নানামুখী আক্রমণে তা ক্ষতবিক্ষত। শিক্ষা বাণিজ্য, ফি বৃদ্ধি, সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্স চালুর মাধ্যমে শিক্ষাকে একদিকে সংকুচিত করা হচ্ছে আবার গেস্টরুম গণরুম, হলগুলোতে ক্ষমতাসীনদের দৌরাত্ম বিশ্ববিদ্যালয়ের মুক্ত চিন্তার পরিবেশকে করছে কলুষিত। এমনই এক তমশাচ্ছন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এই সম্মেলন।
জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা এবং সংগঠন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর একটি সুসজ্জিত র্যালি ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে। পরে বটতলায় সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব কান্তি রায়ের সভাপতিত্বে ও সদস্য সুহাইল আহমেদ শুভ’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরিন, বাসদ কেন্দ্রীয় বর্ধিত পাঠচক্র ফোরামের সদস্য জনার্দন দত্ত নান্টু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তা বাড়ৈ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য লাবনী বন্যা ও জেসান অর্ক মারাণ্ডি।
সমাবেশে জোবাইদা নাসরিন বলেন, প্রশাসন নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে ছাত্ররাজনীতিকে বিতর্কিত করতে চায়। এতে তাদেরই লাভ, কারণ ছাত্ররাজনীতি বন্ধ হলে ক্ষমতাসীনদের পরিকল্পনা বাস্তবায়ন করা যায় বিনা বাঁধায়। কিন্তু ছাত্ররাই বারবার এই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। রাজনৈতিক সংগ্রামে নিজেদেরকে যুক্ত রাখাই শিক্ষার্থীদের মুক্তির পথ।
জনার্দন দত্ত নান্টু বলেন, দেশের সুবর্ণজয়ন্তীতে সরকারী নানা ব্যয়বহুল উৎসবের আয়োজন করা হচ্ছে। অথচ মুক্তিযুদ্ধের আকাঙ্খা থেকে শাসকশ্রেণি যোজন যোজন দুরত্বে অবস্থান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময় জাতীয় মুক্তির লড়াইয়ে পথ দেখিয়েছিল। আজও এই যে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন চলছে, তার বিরুদ্ধে বৈষম্যহীন সমাজের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সমাবেশ শেষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত কমিটি পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। কমিটির সদস্যরা হলেনঃ
১। সভাপতিঃ রাজীব কান্তি রায়
২। সহ-সভাপতিঃ লাবনী বন্যা
৩। সাধারণ সম্পাদকঃ সুহাইল আহমেদ শুভ
৪। সাংগঠনিক সম্পাদকঃ জেসান অর্ক মারাণ্ডি
৫। দপ্তর সম্পাদকঃ হাসান মাহমুদ
৬। অর্থ সম্পাদকঃ কাজী মিলন
৭। প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মাহির ফারহান খান পান্থ
৮। স্কুল সম্পাদকঃ রিমিয়া রিমি
৯। পাঠাগার সম্পাদকঃ মনীষা আক্তার
সদস্যঃ ১। জোবাইদুল হক রনি
২। জুয়েল তাইফ