ডেস্ক রিপোর্ট
১২ জানুয়ারি ২০২২, ৯:২০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আগামীকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য আবারও বিধিনিষেধের আওতায় পড়তে যাচ্ছে দেশ।
করোনার সংক্রমণ ঠেকাতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আশ্বাস সংশ্লিষ্টদের। আগের বিধিনিষেধের সময়গুলোতে বিধি মানা বা না মানার গোঁজামিল দেখা গিয়েছিল।
নিয়ম করে জীবনযাপনের অংশ বা প্রয়োজনের তাগিদেই এই বিধিনিষেধ। বিধিটা হচ্ছে, রেস্তোরাঁয় বসে খেতে হলে করোনার টিকা গ্রহণের সনদ সঙ্গে থাকতেই হবে। অন্যথায় খাবার কিনে নিয়ে যেতে হবে। আর সব ক্ষেত্রে মাস্ক পরাসহ যাবতীয় স্বাস্থ্যবিধি মানতেই হবে।
রাজধানীর এমন কিছু এলাকা ও সুনির্দিষ্টভাবে রেস্তোরাঁ রয়েছে, যেখানে স্বাস্থ্যবিধি মানা কঠিন এবং দিনের বেলার চাইতে রাতেই সমাগম হয় বেশি। হোটেল-রেস্তোরাঁ সংশ্লিষ্টরা বলেন, সরকার যেসব নির্দেশনা দিয়েছে অর্ধেক কাস্টমার এবং করোনা সার্টিফিকেট দেখে ব্যবসা চালাতে সেভাবেই চালাবো। আমরা ইতিমধ্যেই পার্সেল সার্ভিস চালু করেছি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম বলেন, এই কাজ স্বাস্থ্য অধিদপ্তরের না। এই কাজ আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের লোকদের। আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমরা করে যাচ্ছি। বাকি কাজগুলো করতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়েছি।
করোনা সংক্রমণের আগের সর্বোচ্চ সময়ের অভিজ্ঞতা বলে, প্রশাসন মাঠে না থাকলে বিধিনিষেধ মানার অনীহা চরমে পর্যায়ে পৌঁছে এবং ফলস্বরূপ সংক্রমণ হয়ে ওঠে লাগামছাড়া।