ডেস্ক রিপোর্ট
৯ জানুয়ারি ২০২২, ১১:০২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউতে থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) রাত ৮টায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন ঢাকা পোস্টকে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে কেবিনে নেওয়া হয়েছে।
গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। এরমধ্যে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাকে বিদেশি চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। একই দাবিতে সারাদেশে একাধিক কর্মসূচিও পালন করে আসছে বিএনপি।