ডেস্ক রিপোর্ট
৬ জানুয়ারি ২০২২, ৭:২০ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক:: নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট জয়ে তোলপাড় সারা বিশ্ব। ১১ বছরে এশিয়ার কোনো দল যা পারেনি, সেটাই করে দেখিয়েছে টাইগার বাহিনী। তাদের অবিস্মরণীয় জয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বহু রাজনীতিবিদ। এই তালিকায় সবশেষ যোগ হলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। কিউই বধ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক টুইটে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে কথা হয়েছে তার। এসময় দুজন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে জয়শঙ্কর বলেন, ২০২১ সাল ছিল আমাদের গভীর সংহতি ও বন্ধুত্বের প্রদর্শনী। সেই ভিত্তির ওপর ২০২২ সালে আরও বহু কিছু গড়ার বিষয়ে সম্মত হয়েছি আমরা।
এর আগে, টানা পাঁচদিন আধিপত্য ধরে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে দিয়েছিল টাইগাররা। এরপর নিজেরা করে ৪৫৮ রান। জবাব দিতে নেমে ১৬৯ রানেই অলআউট হয় কিউইরা।
পেসার এবাদত হোসেন চৌধুরী একাই নিয়েছেন ছয় উইকেট। তার বিধ্বংসী বোলিংয়েই বাংলাদেশের সামনে জয়ের জন্য মাত্র ৪০ রানের লক্ষ্য দাঁড়ায়। ২ উইকেট হারিয়ে অনায়াসেই এই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।