ডেস্ক রিপোর্ট
১ জানুয়ারি ২০২২, ২:০৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে ৩৬ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে সবুজবাগ থানার উত্তর বাসাবো কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতয়ালি জোনাল টিম।
গ্রেফতারকৃতরা হলো- মো. সুমন শেখ ওরফে চিকু সুমন, মো. বশির ও মো. কবির হোসেন।
গ্রেফতারকৃতদের মাদক ব্যবসায়ী উল্লেখ করে গোয়েন্দা লালবাগ বিভাগের পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, গাঁজা বিক্রয়ের জন্য সবুজবাগ থানার উত্তর বাসাবো কালভার্ট এলাকায় অবস্থান করছে মাদক ব্যবসায়ীরা এ মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সুমন, বশির ও কবিরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। সবুজবাগ থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।