ডেস্ক রিপোর্ট
৭ ডিসেম্বর ২০২১, ১০:০৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ম্যালেরিয়ায় আগের বছরের তুলনায় ২০২০ সালে সারা বিশ্বে ৬৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ম্যালেরিয়া বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনাভাইরাস মহামারিতে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ায় এত বেশি মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে পরিস্থিতি এরচেয়েও খারাপ হওয়ার আশঙ্কা থাকলেও তা এড়ানো গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
২০১৯ সালে বিশ্বে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ৫ লাখ ৫৮ হাজার মানুষের মৃত্যু হয়। ডব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়, গত বছর বিশ্বে যে ৬ লাখ ২৭ হাজারের বেশি মানুষ ম্যালেরিয়ায় প্রাণ হারিয়েছে, তার অধিকাংশই আফ্রিকার দরিদ্রতম অংশে বসবাসকারী শিশু। ২০২০ সালে বিশ্বে ম্যালেরিয়ায় মোট মৃত্যুর ৯৬ শতাংশই আফ্রিকায় হয়েছে বলে প্রতিবেদটিতে জানানো হয়েছে।
অন্যদিকে মহামারি শুরুর পর এখন পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশের হিসাবে মহাদেশটিতে কোভিডে প্রাণ গেছে মোট ২ লাখ ২৪ হাজার মানুষের।