ডেস্ক রিপোর্ট
৫ ডিসেম্বর ২০২১, ১২:৩৬ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: রাজধানীর এয়ারপোর্ট এলাকায় কন্টেইনারবাহী ট্রাকের চাপায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহাদি হাসান লিমনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয় ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এক যুক্ত বিবৃতিতে বলেন, “সারা জাগানো নিয়াপদ সড়ক আন্দোলন হয়েছিল ২০১৮ সালে। সরকার সেই আন্দোলন দমনের জন্য পুলিশ, হেলমেটবাহিনী, সবকিছু নিয়ে উঠে পড়ে লেগেছিল। কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে ব্যর্থ হয়ে দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদেরকে ঘরে ফেরায়। কিন্তু গত দুই বছরে আমরা সেই দাবির একটিও বাস্তবায়ন হতে দেখিনি। সড়কে মৃত্যুর মিছিলও থেমে নেই। সর্বশেষ নটর ডেম কলেজের শিক্ষার্থী নাইম, একরামুন্নেছা কলেজের মইনুদ্দিন ও গতকাল রাতে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহাদি হাসান লিমন সড়কে প্রাণ হারান। তাই আরও একবার রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমাদের এই শিক্ষার্থীরা। এবং বরাবরের মত এবারও তাদের দাবির যৌক্তিকতা কি, বাস্তবায়নের কি অগ্রগতি, সড়কে মৃত্যুর মিছিল রোধ করতে কি কি পদক্ষেপ নেওয়া যাবে, সে ব্যাপারে সরকারের কোন মাথা ব্যাথা নেই, তবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী-এমপি সকলেই আন্দোলন নিয়ে নানান ধরণের বিভ্রান্তিকর মন্তব্য ছুড়ে দিতে ব্যস্ত। রাতের ভোটে গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে থাকা সরকারের জনগণের দাবির প্রতি ন্যুনতম দায়বদ্ধতাও নেই, এই ঘটনা তারই প্রমাণ।
নেতৃবৃন্দ বলেন, আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রকার অসত্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করছে ক্ষমতাসীন লোকেরা। এটা আন্দোলনকে বিভক্ত করার খুব প্রাচীন কৌশল। এই কৌশল অকেজো হয়ে যাচ্ছে দিন দিন। এখন এই মিথ্যা দিয়ে আন্দোলনকে দমন করা যাবে না। নিরাপদ সড়ক নিশ্চিত করেই শিক্ষার্থীরা ঘরে ফিরবে।
নেতৃবৃন্দ সরকারকে কালক্ষেপন না করে এই মূহুর্তে শিক্ষার্থীদের ১১ দফা যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।